গাইবান্ধার গোবিন্দগঞ্জে সুফিয়া ইসলাম শুপ্তা (৩১) নামে এক নিঃসন্তান গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গৃহবধূর স্বামী, শ্বশুড় ও ননদের বিরুদ্ধে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বগুড়া সদর উপজেলার বাদুড়তলা এলাকার শফিকুল ইসলাম আকন্দের মেয়ে শুপ্তার সঙ্গে প্রায় একযুগ আগে উপজেলার অভিরামপুর গ্রামের আব্দুল কদ্দুস ওরফে সাবুর ছেলে শামিম আকন্দের (৩৮) বিয়ে হয়।
দীর্ঘ বৈবাহিক জীবনে তাদের সংসারে কোনও সন্তান না হওয়ায় শামিম প্রায়ই তার স্ত্রীকে শারীরিক ও মানষিক নির্যাতন করতেন। এ নিয়ে দুই পরিবারের লোজজনের মধ্যে বেশ কয়েকবার শালিস বৈঠক হয়। এক পর্যায়ে সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শামিম তার বাবা কদ্দুস ও তার বোন সান্তনা বেগম মিলে শুপ্তাকে বেদম মারপিট করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় গুরুতর আহত শুপ্তাকে তাড়াহুড়ো করে অটোভ্যান যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার সময় পথিমথ্যে তিনি মারা যান। এ ঘটনার পর থেকে শামিম ও তার পরিবারের সদস্যরা বাড়ি থেকে পলাতক।
এ বিষয়ে নিহতের বাবা শফিকুল ইসলাম আকন্দ বাদী হয়ে শামিম, তার বাবা ও বোনকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
