রোনালদোর ‘বয়কট’ ঘিরে সৌদি ফুটবলে অস্থিরতা; অনিশ্চিত ভবিষ্যৎ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৬ এএম

সৌদি আরবের ক্লাব আল-নাসরে ক্রিস্টিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন করে জল্পনা। সম্প্রতি সৌদি প্রো লিগে আল-রিয়াদের বিপক্ষে ম্যাচের দলে রাখা হয়নি পর্তুগিজ তারকাকে, যা তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন আরও জোরালো করেছে।

পর্তুগিজ সংবাদমাধ্যম ‘আ বোলা’ জানিয়েছে, ক্লাব পরিচালনা নিয়ে অসন্তুষ্ট হয়ে রোনালদো ম্যাচটি বয়কট করেছেন। আল-নাসর ও আল-হিলাল—দুটি ক্লাবই সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-এর নিয়ন্ত্রণে রয়েছে। রোনালদোর অভিযোগ মূলত ক্লাবের পরিকল্পনা ও বিনিয়োগের ধরন নিয়ে।

২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর আল-নাসরে যোগ দেন রোনালদো। ইতিহাসের অন্যতম সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ফুটবলার হিসেবে তিনি ক্লাবে যোগ দিলেও ট্রফির দিক থেকে সাফল্য সীমিত। আল-নাসরের হয়ে তার একমাত্র বড় অর্জন ২০২৩ সালের আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ।

ব্যক্তিগত অর্জনে অবশ্য রোনালদো ছিলেন দুর্দান্ত। ২০২২–২৩ মৌসুমে ১৪ গোল করার পরবর্তী দুই মৌসুমে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। সর্বশেষ মৌসুমে করেছেন ২৫ গোল। সম্প্রতি তিনি ক্যারিয়ারে ৯৬১তম গোল করেছেন এবং ১,০০০ গোলের লক্ষ্য থেকে মাত্র ৩৯ গোল দূরে আছেন।

রোনালদোর হতাশার অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে আল-হিলালের শক্তিশালী দল গঠন। তার সাবেক সতীর্থ করিম বেনজেমা সম্প্রতি আল-হিলালে যোগ দেওয়ায় অসন্তোষ আরও বেড়েছে বলে জানা গেছে। এক সূত্রের মতে, ‘রোনালদো অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতার মানুষ। অন্য ক্লাব শক্তিশালী হলে তিনি সেটা ভালোভাবে নেন না।’

এছাড়া আল-নাসর সাম্প্রতিক সময়ে বড় ট্রফি জিততে ব্যর্থ হয়েছে, যেখানে আল-হিলাল, আল-আহলি ও আল-ইত্তিহাদ বড় সাফল্য পেয়েছে। সৌদি আরব সাম্প্রতিক বছরগুলোতে ফুটবলসহ বিভিন্ন খেলায় বিপুল বিনিয়োগ করেছে। তবে নতুন নীতিমালার কারণে ক্লাবগুলো এখন তুলনামূলক সংযত ব্যয়ের পথে হাঁটছে। বিশ্লেষকদের মতে, এই পরিবর্তন আল-নাসরের দল গঠনের গতি কমিয়ে দিয়েছে, যা রোনালদোর অসন্তোষের অন্যতম কারণ হতে পারে।

৪০ বছর বয়সী রোনালদো এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে তার ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন আরও বাড়বে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত