ফেব্রুয়ারি মাসের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব গ্রহণ করেছে যুক্তরাজ্য। এ সময় ইউক্রেন, সুদান ও গাজা সংকটকে অগ্রাধিকার দিয়ে গঠনমূলক ও স্বচ্ছ ভূমিকা পালনের অঙ্গীকার করেছে দেশটি।
সোমবার (২ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের চার্জ দ্য অ্যাফেয়ার্স জেমস কারিউকি বলেন, এই মেয়াদে নিরাপত্তা পরিষদের মূল দায়িত্ব আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তিনি জানান, ইউক্রেন, সুদান ও গাজার চলমান সংঘাত তিনটি ভিন্ন মহাদেশে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুতর হুমকিগুলোর মধ্যে রয়েছে।
ইউক্রেন প্রসঙ্গে কারিউকি জানান, রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের চতুর্থ বার্ষিকী উপলক্ষে ২৪ ফেব্রুয়ারি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন যুক্তরাজ্যের ইউরোপবিষয়ক মন্ত্রী স্টিফেন ডাউটি। এছাড়া ১৯ ফেব্রুয়ারি সুদান পরিস্থিতি নিয়ে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে যুদ্ধবিরতিতে পৌঁছাতে কূটনৈতিক তৎপরতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হবে।
গাজার পরিস্থিতি নিয়ে তিনি রাফাহ সীমান্ত পুনরায় খোলাকে স্বাগত জানালেও বলেন, এটি যথেষ্ট নয়। মানবিক সহায়তা ব্যাপকভাবে প্রবেশের জন্য সব সীমান্ত পুরোপুরি খুলে দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আসন্ন বৈঠকগুলোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার বাস্তবায়নে অগ্রগতি এবং গাজা ও পশ্চিম তীরে ক্রমাবনত মানবিক পরিস্থিতি নিয়ে চাপ সৃষ্টি করা হবে বলেও জানান কারিউকি।
আগামী মার্চ মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে।
