সেনাবাহিনীর চেকপোস্টে সেনা সদস্যের সঙ্গে বিতর্কে জড়ান জামায়াতে ইসলামীর ঢাকা-১৭ আসনের এমপি প্রার্থী ডা. খালিদুজ্জামান। সম্প্রতি ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে জামায়াত প্রার্থী তার ফেসবুকে দাবি করেছেন ঘটনাটি কয়েকদিন আগের এবং তিনি ইতোমধ্যে সেটির মিমাংসা করেছেন।
ভিডিওতে সেনাসদস্যদের উদ্দেশে জামায়াত প্রার্থীকে বলতে শোনা যায়, আপনারা তো জিহ্বা দিয়ে চেটে ফেলতেছেন তারেক জিয়ার জন্য। আমরা কেন যাইতে পারব না?
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এমন বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী এই জামায়াত প্রার্থী।
এদিকে, ভিডিওতে দেখা যায়, ক্যান্টনমেন্ট এলাকায় গানম্যান নিয়ে প্রবেশ করার চেষ্টা করেন জামায়াত প্রার্থী খালিদুজ্জামান। তখন পরিচয় জানতে চাওয়া হলে বলা হয়, ওনি এই আসনের এমপি ক্যান্ডিডেট। এ সময় সেনাসদস্য জানতে চান তিনি কোন দলের প্রার্থী। তখন জবাবে বলা হয়, জামায়াতে ইসলামী।
তখন একজন সেনাসদস্যকে বলতে শোনা যায়, বুঝতে পারছি স্যার। আমাদের ক্যান্টনমেন্টের নিরাপত্তার স্বার্থে গান নিয়ে ঢুকা নিষেধ। তখন জামায়াত প্রার্থী বলেন, ‘গান নিয়ে বসে আছেন…আপনারা তো জিহ্বা দিয়ে চেটে ফেলতেছেন তারেক জিয়ার জন্য। আমরা কেন যাইতে পারব না?
তখন সেনাসদস্য বলেন, এটা তো আমরা বলতে পারব না।
পরে জামায়াত প্রার্থী বলেন, আপনারা তো পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশ সেনাবাহিনীকে আপনারা বিতর্কিত করেতেছেন।
৬ মিনিট ৫৪ সেকেন্ডের ভিডিওতে সেনাসদস্যদের সঙ্গে জামায়াত প্রার্থী খালিকুজ্জামানকে বাক বিতন্ডা করতে শোনা যায়। পরে ‘সেনাবাহিনীর সাথে আমার ঘটে যাওয়া ভুল বোঝাবুঝি প্রসঙ্গে’ শিরোনামে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, বেশ কিছু দিন আগে ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশকে কেন্দ্র করে বাংলাদেশের গর্ব ও অহংকার, সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সেনাবাহিনীর দায়িত্বরত সদস্যদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, যা থেকে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম নেয়।
তিনি লিখেছেন, বিষয়টি ইতোমধ্যে সমাধান হওয়া সত্ত্বেও দুঃখজনকভাবে একটি স্বার্থান্বেষী মহল এই সমাধানকৃত ইস্যুকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালিয়ে পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। যাই হোক উক্ত ঘটনার বিষয়ে আমি দুঃখ প্রকাশ করছি এবং ভবিষ্যতে যেন এ ধরনের ভুল বোঝাবুঝি আর না হয় সে ব্যাপারে আমি সচেষ্ট থাকব ইনশাআল্লাহ।
সম্প্রতি বিএমডিসি অনুমোদিত নয় এমন ডিগ্রি তিনি ব্যবহার করছেন অভিযোগ তুলে এই চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেয় চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। কিন্তু সেই নোটিশকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।
