হেড কোচ হয়েই বন্ধু স্মিথকে শিয়ালকোটে নিলেন টিম পেইন

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৩ পিএম

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন দল শিয়ালকোট স্ট্যালিয়নজে হেড কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের দীর্ঘদিনের বন্ধু ও সাবেক সতীর্থ স্টিভ স্মিথকে দলে ভিড়িয়েছেন সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইন।

২০২৬ মৌসুমের পিএসএলে খেলতে শিয়ালকোট স্ট্যালিয়নজের সঙ্গে চুক্তি করেছেন স্টিভ স্মিথ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে খেলতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটার।

চলতি বছর পিএসএলে বড় পরিবর্তন এসেছে দল গঠনের নিয়মে। প্রথমবারের মতো ড্রাফট পদ্ধতি বাদ দিয়ে নিলামের মাধ্যমে খেলোয়াড় নেওয়া হবে। নিলামের আগে নতুন দুই দল—কিংসম্যান হায়দরাবাদ ও শিয়ালকোট স্ট্যালিয়নজ—আগের ছয় দলের ধরে না রাখা খেলোয়াড়দের তালিকা থেকে চারজন করে ক্রিকেটার সরাসরি দলে নেওয়ার সুযোগ পায়। সেই সুযোগ কাজে লাগিয়েই স্মিথকে দলে নেয় শিয়ালকোট।

সাম্প্রতিক বিগ ব্যাশ লিগে (বিবিএল) সিডনি সিক্সার্সের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন স্মিথ। পুরো আসরে তিনি ১৬৮ স্ট্রাইক রেটে ২৯৯ রান করেন এবং গড়ে প্রতি ৪.৬ বলেই একটি করে বাউন্ডারি হাঁকান।

স্টিভ স্মিথ সবশেষ টি–টোয়েন্টি আন্তর্জাতিক খেলেছেন ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে ৬৭ ম্যাচে তার সংগ্রহ ১,০৯৪ রান। ২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্যও ছিলেন তিনি। এর আগে ২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে আট ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন স্মিথ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত