নির্বাচনে রোহিঙ্গাদের রুখতে সশস্ত্র বাহিনীকে ইসির নির্দেশ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৬ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় রোহিঙ্গাদের নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। পরিস্থিতির ঝুঁকি বিবেচনায় নিয়ে রোহিঙ্গা ক্যাম্পগুলোর নিরাপত্তা জোরদারসহ একগুচ্ছ কঠোর নির্দেশনা জারি করেছে সংস্থাটি।

ইসি জানিয়েছে, উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা এবং অবৈধ অস্ত্রের উপস্থিতির তথ্য পাওয়া গেছে। নির্বাচনের সময় কোনও পক্ষ যাতে রোহিঙ্গাদের ভোটকেন্দ্রে লোকবল হিসেবে ব্যবহার, জাল ভোট প্রদান কিংবা প্রতিদ্বন্দ্বী প্রার্থী দমনে কাজে লাগাতে না পারে, সেজন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোহিঙ্গাদের নিয়ে ইসির চিহ্নিত ঝুঁকিগুলোর মধ্যে রয়েছে—এমপি প্রার্থীদের পক্ষে প্রচারণায় রোহিঙ্গাদের ব্যবহার, টাকার বিনিময়ে জাল ভোট প্রদান ও ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি, সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোর (RCPR, Ro-FDMN RC) মাধ্যমে উসকানিমূলক বার্তা প্রচার এবং আরসা, আরএসও বা আরাকান আর্মির মতো গ্রুপগুলোর মাধ্যমে সীমান্ত এলাকায় আতঙ্ক সৃষ্টি। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে ইসি ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এর মধ্যে প্রথমত, চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্বাচনের আগে ও ভোটের দিন রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হওয়া সম্পূর্ণ বন্ধ থাকবে। পাশাপাশি ক্যাম্পের ভেতরে সিএনজি, অটো ও মোটরবাইকসহ সব ধরনের যান চলাচল বন্ধ রাখার সুপারিশ করা হয়েছে।

দ্বিতীয়ত, বাজার ও এনজিও কার্যক্রম নিয়ন্ত্রণে আনা হবে। অতিরিক্ত জনসমাগম এড়াতে ক্যাম্প সংলগ্ন বড় বাজারগুলো- বিশেষ করে বালুখালী, লেদা ও নয়াপাড়াসাময়িকভাবে বন্ধ থাকবে। একই সঙ্গে এনজিও কর্মীদের ক্যাম্প পরিদর্শন সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তৃতীয়ত, সামাজিক যোগাযোগমাধ্যম ও অভ্যন্তরীণ কার্যক্রম পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা হবে। ক্যাম্পের ভেতরে সব ধরনের সভা-সমাবেশ এবং সোশ্যাল প্ল্যাটফর্মের কার্যক্রম স্থগিত থাকবে। এ ছাড়া মসজিদের ইমাম ও মাঝিদের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে।

চতুর্থত, অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান জোরদার করা হবে। পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত করতে ক্যাম্প এলাকায় পর্যাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মোবাইল কোর্ট মোতায়েন থাকবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত