নির্বাচনী কাজে সংযম জরুরি

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৫ এএম

নির্বাচন একটি জাতির ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এ সময় জনগণ কেবল প্রার্থী বা দলের কর্মসূচিই দেখে না, দেখে তাদের আচরণ, ভাষা, রুচি ও নৈতিক অবস্থানও। কারণ ভোটের মাঠে যে ব্যক্তি নিজের কথা নিয়ন্ত্রণ করতে পারে না, দায়িত্ব পেলে সে কতটা সংযত থাকবে তা নিয়েও জনমনে প্রশ্ন জাগে। অথচ দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের নির্বাচনী পরিবেশে দিন দিন কথার শালীনতা হারিয়ে যাচ্ছে। যুক্তির বদলে গালাগালি, কর্মসূচির বদলে কুৎসা, সমালোচনার বদলে অপমান যেন স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। এক প্রার্থী আরেক প্রার্থীর বিরুদ্ধে মন্দ কথা বলছে, ব্যক্তিগত আক্রমণ করছে, প্রতিপক্ষকে ছোট করে দেখাতে গিয়ে কথার তীর ছুড়ছে। এতে প্রতিযোগিতার সৌন্দর্য নষ্ট হচ্ছে, সমাজে বিভাজন বাড়ছে, সহিংসতার ক্ষেত্রও তৈরি হচ্ছে। তাই এসব ক্ষেত্রে কথার সংযম জরুরি। ইসলাম মানুষকে শিষ্টাচার, সংযম ও উত্তম ভাষার শিক্ষা দিয়েছে। কথা যেন হয় সত্য, সুন্দর ও কল্যাণকর। কারণ কথা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি চরিত্রের প্রকাশও বটে।

নির্বাচনের মতো সংবেদনশীল সময়ে এই শিক্ষার গুরুত্ব আরও বেড়ে যায়। কেননা এ সময় একটি অশালীন বাক্য জনমনে উত্তেজনা সৃষ্টি করতে পারে, একটি কটু মন্তব্য ছড়িয়ে দিতে পারে ঘৃণা, একটি অপমানজনক ভাষা ভেঙে দিতে পারে পারস্পরিক সৌহার্দ। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, সমালোচনা থাকবে, বিতর্ক হবে। কিন্তু তা হতে হবে শালীনতার সীমার ভেতর, ন্যায়ের মাপকাঠিতে, সত্যের আলোকে। নির্বাচনকে কল্যাণের পথে নিতে হলে প্রার্থীদের কথায় সংযমী হওয়া জরুরি, কারণ উত্তম ভাষাই পারে প্রতিদ্বন্দ্বিতাকে দায়িত্বশীল প্রতিযোগিতায় রূপ দিতে। আর অসংযত ভাষাই পারে তাকে শত্রুতার অগ্নিকুণ্ডে পরিণত করতে। মানুষের ব্যক্তিত্ব, রুচি ও নৈতিকতার প্রকাশ ঘটে তার কথাবার্তায়। একজন মানুষের মুখের কথা যেমন হৃদয় জয় করতে পারে, তেমনি তা বিষের ছোবলের মতো অন্যের অন্তরে গভীর ক্ষত সৃষ্টি করতেও পারে। তাই ইসলাম আমাদের সংযমী ও পরিমিতভাষী হওয়ার নির্দেশ দিয়েছে। কটু কথা, গালিগালাজ কিংবা অন্যকে অপমান করার মতো আচরণ ইসলামের দৃষ্টিতে ঘৃণিত। পবিত্র কোরআন ও হাদিসে এসব আচরণকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং এর পরিণতি সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছে। কোরআনের আল্লাহতায়ালা বলেন, ‘আর আপনি আমার বান্দাদের বলে দিন, তারা যেন এমন কথা বলে যা সবচেয়ে উত্তম, কারণ শয়তান তো তাদের মধ্যে বিবাদ সৃষ্টি করে। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু।’ (সুরা বনি ইসরাইল ৫৩) এই আয়াতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, কথা বলার সময় যেন উত্তম ও কোমল ভাষা ব্যবহৃত হয়। কারণ অশোভন, কটু কিংবা বিদ্বেষমূলক কথা মানুষের মধ্যে হিংসা-বিদ্বেষ ও শত্রুতা বাড়ায়।

সমাজে অশান্তি, মনোমালিন্য ও বিবাদের আগুন জ্বলে ওঠে কেবল জিহ্বার অবিবেচনাপ্রসূত কথার কারণে। অন্যত্র মহান আল্লাহ বলেন, ‘তিনি তোমাদের মুখ থেকে উচ্চারিত প্রত্যেক কথাই সংরক্ষণ করতে থাকেন, একজন প্রহরী তো তার নিকট সদা প্রস্তুত রয়েছে।’ (সুরা কাফ ১৮) এই আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, মানুষের মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ ফেরেশতারা লিপিবদ্ধ করেন। এটি পরকালে বিচার দিবসে উপস্থাপন করা হবে। কাজেই কথাবার্তায় সতর্ক না হলে এর পরিণতি কঠিন হবে। হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন উত্তম কথা বলে অথবা চুপ থাকে। (সহিহ বুখারি) এ হাদিসে কথা বলার ক্ষেত্রে একটি চূড়ান্ত মাপকাঠি নির্ধারণ করে দেওয়া হয়েছে। যদি কোনো কথা উত্তম হয়, উপকারী হয়, মঙ্গল বয়ে আনে, তবে বলো। আর যদি তা কটু, অর্থহীন বা ক্ষতির কারণ হয়, তবে চুপ থাকাই শ্রেয়।আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, মুসলিম সে ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। (সহিহ বুখারি) এই হাদিসের আলোকে বোঝা যায়, একজন প্রকৃত মুসলিম কখনোই এমন কথা বলবেন না, যাতে অন্য কেউ কষ্ট পায়। কটু ভাষা, গালাগাল কিংবা অবমাননাকর কথা ইসলামের মৌলনীতি বিরুদ্ধ। শুধু জিহ্বা দ্বারা নয়, সামাজিক মাধ্যমে অশোভন পোস্ট, অপমানসূচক স্ট্যাটাস কিংবা বিদ্বেষমূলক মন্তব্যও এই গুনাহের আওতায় পড়ে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মুসলিমকে গালি দেওয়া ফাসেকি এবং তার বিরুদ্ধে যুদ্ধ করা কুফরি। (সহিহ বুখারি) এখানে গালি দেওয়াকে ‘ফাসেকি’ অর্থাৎ খারাপ চরিত্রের পরিচায়ক বলা হয়েছে। ফাসেক মানে সে ব্যক্তি, যে আল্লাহর নির্দেশ অমান্য করে স্পষ্ট পাপে লিপ্ত। এই হাদিসের ভিত্তিতে বোঝা যায়, গালাগালি করা ইসলামি চরিত্রের সম্পূর্ণ পরিপন্থি। সংযমী ভাষার সুফল হলো, মানুষের হৃদয় জয় করা যায়, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়, মানসিক প্রশান্তি লাভ হয়, আখেরাতে মুক্তির সম্ভাবনা বাড়ে। অসংযমী ভাষার পরিণতি হলো, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, বন্ধুত্ব নষ্ট হয় এবং শত্রুতা বাড়ে, আল্লাহর গজব নেমে আসতে পারে, কেয়ামতের দিন কঠিন জবাবদিহি করতে হবে।

আর নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বড় কথা হলো, নির্বাচন কেবল বিজয়-পরাজয়ের হিসাব নয়, এটি একটি জাতির নৈতিক মানদণ্ডও। এ সময়ে প্রার্থীদের মুখের ভাষা, বক্তব্যের ভঙ্গি এবং প্রতিপক্ষকে দেখার দৃষ্টিভঙ্গিই বলে দেয় তারা কতটা পরিণত, কতটা দায়িত্বশীল। যে ব্যক্তি ভোটের জন্য মানুষকে উত্তেজিত করতে কটু কথা বলে, গালাগালি করে, অপমান ছড়ায়, সে মূলত সমাজে বিভাজনের বীজ বপন করে। আর এই বিভাজনের ফল শুধু নির্বাচনী মাঠে সীমাবদ্ধ থাকে না, তা পরিবার, পাড়া-মহল্লা ও জাতীয় জীবনের ভেতরেও বড় ক্ষত সৃষ্টি করে। ইসলাম আমাদের শিখিয়েছে, ভাষা হতে হবে সংযত, কল্যাণকর ও শালীন। রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, কিন্তু তা যেন শত্রুতায় না রূপ নেয়। তাই প্রার্থী, সমর্থক ও সাধারণ ভোটার সবারই উচিত কথায় নিয়ন্ত্রণ রাখা, মিথ্যা-অপবাদ থেকে দূরে থাকা, প্রতিপক্ষকে মানুষ হিসেবে সম্মান করা। মনে রাখতে হবে, ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু মুখের কথা মানুষের মনে স্থায়ী দাগ রেখে যায়। নির্বাচনকে শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ রাখতে হলে কথায় সংযমই হতে পারে সবচেয়ে কার্যকর নৈতিক অস্ত্র।

লেখক : শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

[email protected]

সর্বশেষ সর্বাধিক পঠিত