ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া একটি নতুন নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করেছে, যার আওতায় দুই দেশের যেকোনো একটির নিরাপত্তা হুমকির মুখে পড়লে তারা পরস্পরের সঙ্গে পরামর্শ করবে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জাকার্তায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো।
আলবানিজ বলেন, এই চুক্তির মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং বিদ্যমান প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা নতুন মাত্রা পাবে, যা প্রতিবেশী দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন। প্রেসিডেন্ট প্রাবোও জানান, চুক্তিটি ইন্দোনেশিয়ার 'সুপ্রতিবেশী নীতি' ও জোটনিরপেক্ষ পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি দুই দেশের অঙ্গীকারকে তুলে ধরে।
এর আগে গত নভেম্বর প্রাবোওর অস্ট্রেলিয়া সফরের সময় এই চুক্তির ঘোষণা দেওয়া হয়। নতুন চুক্তিটি ১৯৯৫ সালে স্বাক্ষরিত একটি নিরাপত্তা চুক্তির আদলে তৈরি, যা ১৯৯৯ সালে পূর্ব তিমুরে জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে অস্ট্রেলিয়ার নেতৃত্বের পর বাতিল হয়ে যায়। চুক্তিটির বিস্তারিত শর্ত এখনো প্রকাশ করা হয়নি।
