‘আস্তিনে লুকানো ট্রাম্পকার্ড’ নিয়ে সিলেট টেস্টে উইন্ডিজরা

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম

ঢাকায় প্রথম টেস্টে ৮ উইকেটের বিশাল হারে ব্যাকফুটে থাকা বাংলাদেশ দল এবার সিরিজের সমতায় ফিরতে তাকিয়ে রয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দিকে। ঢাকায় স্পিনবান্ধব উইকেটে ক্যারিবীয় দুই স্পিনার জোমেল ওয়ারিকান ও রস্টন চেজের স্পিন বিষে নীল হয়ে প্রথম ম্যাচ হাতছাড়া করলেও, সিলেটে জয়ে ফিরতে মরিয়া নাজমুল হোসেন শান্তর দল। 

তবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্যটাও পরিষ্কার, অপরাজিত থেকে একটি সফল ক্যালেন্ডার বছর শেষ করা এবং বিদেশের মাটিতে দীর্ঘদিন পর বিরল এক সিরিজ জয়ের ট্রফি উঁচিয়ে ধরা। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে ক্যারিবীয়রা যখন সিরিজ জয়ের স্বপ্ন বুনছে, তখন দেশের মাটিতে সিরিজ বাঁচানোর মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে নামছে বাংলাদেশ।

প্রথম টেস্টে প্রথম ইনিংসে ২৭ রানের লিড নিয়েও ব্যাটিং ধসের কারণে শেষ পর্যন্ত ম্যাচ হারতে হয়েছিল বাংলাদেশকে। সাদমান ইসলামের সেঞ্চুরি কিংবা দ্বিতীয় ইনিংসে আট নম্বরে নামা নাঈম হাসানের ফিফটি ছাড়া ব্যাটারদের দিক থেকে আর কোনো দায়িত্বশীল পারফরম্যান্স দেখা যায়নি। তাই এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর মূল কান্ডারি হতে পারেন চোট কাটিয়ে ফেরা অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। সিলেট স্টেডিয়ামে আগে দুটি সেঞ্চুরি থাকলেও ঢাকা টেস্টের দুই ইনিংসে মাত্র ১৯ ও ১০ রান করা শান্তর ওপরও এখন বড় ইনিংস খেলার গুরুদায়িত্ব।

এদিকে, গত আগস্টে ডারউইনে অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর পর আর কোনো জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। একই সঙ্গে দলের মূল অস্ত্র স্পিন আক্রমণের ধারাবাহিক ব্যর্থতাও ভাবাচ্ছ বাংলাদেশ শিবিরকে; বিশেষ করে অভিজ্ঞ তাইজুল ইসলাম যেখানে শেষ চার টেস্টে নিয়েছেন মাত্র ৫টি উইকেট। 

মজার ব্যাপার হলো, ২০২২ সালে ফিল সিমন্স যখন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ছিলেন, তখন সবশেষ ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল ক্যারিবীয়রা। সময়ের সেই ফিল সিমন্স এখন বাংলাদেশের হেড কোচ হিসেবে ক্যারিবীয়দের মুখোমুখি অবস্থানে।

সিলেটের কন্ডিশন সবসময়ই কিছুটা পেসবান্ধব হয়ে থাকে, ফলে দুই দলের পেস আক্রমণই এখানে ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। তবে ঢাকার স্পিন-অস্ত্র দিয়ে স্বাগতিকদেরই ঘায়েল করার সাফল্য পুরোপুরি উপভোগ করছেন ক্যারিবীয় মাস্টারমাইন্ড ড্যারেন স্যামি। টেস্ট শুরুর আগের দিন সিলেটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশ টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৪ নম্বরে থেকে সিরিজ শুরু করার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ স্যামি বলেন, ‘আমি যদি নিজেকে বাংলাদেশের জায়গায় রাখতাম, বিশেষ করে ঢাকা টেস্টের আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট টেবিলে চার নম্বরে থাকার পর প্রতিপক্ষ স্পিন কীভাবে খেলে তা দেখতাম, তবে হয়তো আমিও একই কাজ করতাম এবং প্রতিপক্ষকে স্পিন দিয়েই পরাস্ত করার চেষ্টা করতাম।’ 

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সফরকারী দলের কৌশল বা নতুন কোনো সারপ্রাইজ থাকবে কি না, এমন প্রশ্নে একটি ইঙ্গিতপূর্ণ রহস্য ঝুলিয়ে রেখে সিলেট টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ রহস্য হেসে আরও যোগ করেন, ‘আপনার হাতাতে তো সবসময়ই লুকিয়ে রাখার মতো কিছু একটা থাকতে হয়, তাই সেটি আগামীকাল (ম্যাচের দিন) পর্যন্ত হাতের হাতাতেই লুকানো থাকবে।’ 

সর্বশেষ সর্বাধিক পঠিত