ফাহিমের তাণ্ডবে ডাচদের বিপক্ষে হারতে হারতে জিতল পাকিস্তান

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৫ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই দেখা গেল রোমাঞ্চ। আইসিসির সহযোগী সদস্য নেদারল্যান্ডসের কাছে প্রায় হারের মুখে পড়েছিল পাকিস্তান। শেষ পর্যন্ত ফাহিম আশরাফের ব্যাটিং তাণ্ডবে ৩ উইকেটের জয়ে বিশ্বকাপ শুরু করল পাকিস্তান। নিজের মুখোমুখি হওয়া দ্বিতীয় বলেই ক্যাচ দিয়ে বেঁচে যান ফাহিম। তার মূল্য চোকাতে হলো ডাচদের।

আজ শনিবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডে টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় পাকিস্তান। ১৯.৫ ওভারে ১৪৭ রানে অল-আউট হয়ে যায় ডাচরা। সর্বোচ্চ ৩৭ রান আসে অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ব্যাট থেকে। এছাড়া বাস ডে লিডি ২৫ বলে ৩০ কলিন আকারম্যান ১৪ বলে ২০ রান করেন। পাকিস্তানের হয়ে ২৪ রানে ৩ উইকেট নেন সালমান মির্জা। ২টি করে নিয়েছেন আবরার আহমেদ, সাইম আইয়ুব আর মোহাম্মদ নওয়াজ।

Max Odowd

রান তাড়ায় পাকিস্তানের শুরুটা মন্দ হয়নি। ২৭ রানে প্রথম উইকেটের পতন হলেও রান উঠছিল ভালোই। ওপেনার সাহিবজাদা ফারহান ৩১ বলে করেন ৪৭ রান। আরেক ওপেনার সাইম আইয়ুব ১৩ বলে ২৪ এবং অধিনায়ক সালমান আঘাও ৮ বলে ১২ রানের ইমপ্যাক্ট ইনিংস খেলেন। কিন্তু বাবর আজম সেই ব্যর্থতার বৃত্তেই ঘুরেছেন। তার ব্যাট থেকে এসেছে ১৮ বলে ১৫ রান। এরপর উসমান খান (০), শাদাব খান (৮) এবং মোহাম্মদ নওয়াজ (৬) দ্রুত আউট হলে বিপদে পড়ে পাকিস্তান।

বোলিংয়ে পাকিস্তানের আরেকটি সাফল্য উদযাপনে বাবর আজম, সালমান আগা ও শাহিন আফ্রিদির

অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে, শেষ দুই ওভারে দরকার পড়ে ২৯ রান। ১৯তম ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকান ফাহিম আশরাফ। পরের বলটি ছিল ফুলটস। তুলে মারতে গিয়ে লং অনে ক্যাচ দিয়েও বেঁচে যান। তারপর আর ফিরে তাকাননি। আরও দুটি ছক্কা আর দুটি চারে ৩ বল হাতে রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ফাহিম। ম্যাচ শেষে তিনি অপরাজিত থাকেন ১১ বলে ২৯ রানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত