কুমিল্লা-৬ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনি ইশতেহার ঘোষণা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪১ পিএম

কুমিল্লা-৬ (কুমিল্লা মহানগর, কুমিল্লা সেনানিবাস, কুমিল্লা সদর ও সদর দক্ষিণ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ ১৭ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে এই ইশতেহার উপস্থাপন করা হয়। ইশতেহার পাঠ করেন জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরের নায়েবে আমির মোছলেহ উদ্দিন। ইশতেহারে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়। 

এ ছাড়া আধুনিক নগরায়ণ, কুমিল্লা বিমানবন্দর চালু, জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, যানজট নিরসন, ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, যোগাযোগব্যবস্থার সম্প্রসারণ, বেকারত্ব নিরসন, কৃষক ও শ্রমিকদের জীবনমান উন্নয়ন, নারী ও শিশুর অধিকার, প্রবাসীদের সমস্যা, গণমাধ্যমের স্বাধীনতা এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষার বিষয়গুলো ইশতেহারে গুরুত্ব পায়।

ইশতেহার ঘোষণা শেষে সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কাজী দ্বীন মোহাম্মদ। তিনি ১৭টি বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ন্যায় ও ইনসাফভিত্তিক কুমিল্লা গড়ে তোলার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. মুজিবুর রহমান, কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল কলেজের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ নুর উদ্দীন আহমেদ, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন, কুমিল্লা মহানগর শিবির সভাপতি হাছান আহমেদ, সাবেক কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া, এনসিপির কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান এবং প্রকৌশলী সাঈদুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহাবুবুর রহমান। এ সময় ১১ দলীয় জোটের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত