হাসনাত আব্দুল্লাহ

বুলেটের রাজনীতিকে আমরা ব্যালটের মাধ্যমে পরাজিত করব

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০২ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, একটি পক্ষ বুলেটের প্রস্তুতি নিচ্ছে, আর আমরা ব্যালটের প্রস্তুতি নিচ্ছি। এই বুলেটের রাজনীতিকে আমরা ব্যালটের রাজনীতির মাধ্যমে পরাজিত করব। এই নির্বাচন অর্জনের জন্য আমাদের মানুষকে জীবন দিতে হয়েছে।

আজ শনিবার বিকেলে খুলনা-৫ আসনের (ফুলতলা-ডুমুরিয়া) এলাকার ১১ দলীয় নির্বাচনী এক্যের প্রার্থী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারে সমর্থনে ফুলতলা উপজেলা স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

নির্বাচন কোনও সহজ অর্জন নয় উল্লেখ করে হাসানাত আব্দুল্লাহ বলেছেন, এই নির্বাচন পেতে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, অসংখ্য মানুষ গুম ও নির্যাতনের শিকার হয়েছেন।

তিনি বলেন, আয়নাঘর ছিল শুধু একটি স্থাপনা নয়, সারা বাংলাদেশই নিপীড়িত মানুষের জন্য উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছিল।

নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে তিনি বলেন, ২০০৯ সালের আগে বায়তুল মুকাররমের সামনে লগি-বৈঠার রাজনীতি থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে ওসমান হাদির শাহাদাত পর্যন্ত দীর্ঘ রক্তাক্ত লড়াইয়ের মধ্য দিয়ে আজকের নির্বাচন এসেছে। এই নির্বাচন শহিদদের রক্তে লেখা বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষের দায়িত্বের কথা তুলে ধরে প্রশাসনের উদ্দেশে হাসানাত আব্দুল্লাহ বলেন, বিগত তিনটি নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। দিনের ভোট রাতে করা হয়েছে, মৃত মানুষকে কবর থেকে তুলে এনে ভোট দেওয়া হয়েছে। এসব কর্মকাণ্ড ওপর মহলের নির্দেশে করা হয়েছিল বলেই তারা বিশ্বাস করতে চান।

পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এবারের নির্বাচন তরুণ প্রজন্ম ও শহীদদের রক্তে অর্জিত। কোনও পুলিশ সদস্য যদি অবৈধ টাকার মুখোমুখি হন তাহলে সন্তান, বাবা-মা ও দেশের মানুষের কথা মনে রাখার জন্য বলেন তিনি।

তিনি সতর্ক করে বলেন, যদি আবার ব্যালট বাক্স ভরে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে জনগণের বিদ্রোহ সামলানো যাবে না।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে প্রশাসনকে জনতার কাতারে নেমে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে প্রশাসনের প্রতি জনগণের আস্থা ফিরবে। একই সঙ্গে তিনি দুর্নীতি ও তদবিরমুক্ত বাংলাদেশ গড়ার রাজনৈতিক অঙ্গীকার ব্যক্ত করেন।

গণমাধ্যমের ভূমিকা নিয়েও কড়া ভাষায় সমালোচনা করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, অনেক সাংবাদিক সত্য তুলে ধরতে চাইলেও মালিকানার কারণে তা পারেন না। তার অভিযোগ, একটি গোষ্ঠী টেলিভিশন ও সরকারি প্রতিষ্ঠান দখল করে মিডিয়া মাফিয়াগিরি চালাচ্ছে। জনগণ জেগে উঠলে কোনও মিডিয়ার প্রয়োজন হয় না, জনগণই তখন মিডিয়া হয়ে ওঠে।

মিডিয়া মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্দিষ্ট দলের প্রচারণা চালালে সেই গণমাধ্যম আর গণমাধ্যম থাকে না, দালালে পরিণত হয়। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহ্বান জানান।

ফুলতলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল আলিম মোল্লার সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৫ আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বক্তৃতা করেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এমরান হুসাইন, সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, মিয়া গোলাম কুদ্দুস ও অধ্যক্ষ গাউসুল আযম হাদী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত