মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন স্থগিত

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫২ পিএম

কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন রবিবার থেকে শুরু হচ্ছে না। সফটওয়্যার নির্ভুলভাবে প্রস্তুত করার কার্যক্রম এখনো সম্পন্ন না হওয়ায় এই আবেদন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণের পরবর্তী তারিখ জানানো হবে।

আজ রবিবার মাদারাসা শিক্ষা অধিদপ্তরের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬ (ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা টেকনোলজি-বিএমটি ও ডিপ্লোমা) এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬-এর আলোকে ২০২৫-২৬ অর্থবছরে কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়।

এ লক্ষ্যে গত ২ ফেব্রুয়ারি প্রকাশিত গণবিজ্ঞপ্তির আলোকে ৮ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে আবেদন গ্রহণের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার প্রস্তুত না হওয়ায় ওই সময়ে অনলাইনে আবেদন নেওয়া যাচ্ছে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সফটওয়্যার প্রস্তুতির কাজ শেষ হলে শিগগির নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণের পরবর্তী তারিখ জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত