বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ পুনর্গঠন ও দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য কাজ করছে বিএনপি। বিএনপি সরকার গঠন করতে পারলে নারীদের স্বাবলম্বী করতে ফ্যামেলি কার্ড চালু করা হবে।
আজ রবিবার বিকেলে নির্বাচনী প্রচার-প্রচারণায় মিরপুরের পল্লবী ২ নম্বর ওয়ার্ড লাল মাঠ ময়দানে সমাবেশে তিনি একথা বলেন।
নির্বাচনী জনসভায় তারেক রহমান আরও বলেন, বিপক্ষ দলের সমালোচনা করলে, গীবত গাইলে জনগণের কোনও লাভ হবে না। তার চেয়ে জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সবার আগে ঠিক করতে হবে।
সরকার গঠন করতে পারলে কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত। কৃষকদের কৃষিঋণ মওকুফ করা হবে উল্লেখ করে তিনি বলেন, চাকরির জন্য যারা বিদেশ যেতে চাইবে তাদের সহজ শর্তে ঋণ প্রদান করা হবে। ঢাকা- ১৬ আসনের মানুষদের চিকিৎসা জন্য একটি হাসপাতাল করার ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, পানি সমস্যা দূর করতে সমগ্র বাংলাদেশে খাল-খনন করা হবে। সরকার গঠন করতে পারলে ঢাকা শহরের জলবদ্ধতা দূরীকরণে সবার আগে ঢাকার খাল খনন কর্মসূচি চালু করা হবে।
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে বিএনপি উল্লেখ করে তিনি আরও বলেন, সবার আগে দেশ। তাই যেকোনও মূল্যে দেশকে গড়ে তুলতে হবে।
