নিবন্ধন স্থগিতের পরও ইসির নির্দেশে কার্ড পাচ্ছে ‘পাশা’

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩১ পিএম

নির্বাচন কমিশন (ইসি) বিতর্কিত ‘পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা)’কে পর্যবেক্ষক পরিচয়পত্র দেওয়ার নির্দেশ দিয়েছে। গত শনিবার সংস্থাটির পর্যবেক্ষণ কার্যক্রম স্থগিত করার পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এ নির্দেশনা জারি করা হয়েছে। ফলে ইসির মধ্যে ব্যাপক সমন্বয়হীনতার চিত্র ফুটে উঠেছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত এক চিঠিতে রিটার্নিং কর্মকর্তাদের এ নির্দেশ দেওয়া হয়। চিঠিতে আগামী ১২ ফেব্রুয়ারির গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অনুমোদিত সংস্থা ও কার্ড ইস্যুর নিয়মাবলি পাঠানো হয়। তাতে বলা হয়, ইসি নিবন্ধিত ৮১টি সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষককে অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষক ৭ হাজার ৯৯৭ জন এবং স্থানীয় পর্যবেক্ষক ৪৭ হাজার ৪৫৭ জন।

সম্প্রতি ‘পাশা’ নামক এই সংস্থাকে এককভাবে ১০ হাজার ১২৯ জন স্থানীয় ও ৪৩০ জন কেন্দ্রীয় পর্যবেক্ষকের অনুমতি দিলে গণমাধ্যমে ব্যাপক সমালোচনা ওঠে। সংস্থাটির পর্যবেক্ষক নিয়োগের সক্ষমতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়। তীব্র সমালোচনার মুখে গত শনিবার ইসি পাশার পর্যবেক্ষণ কার্যক্রম স্থগিত করে। কিন্তু মাত্র একদিন পরই ১০ হাজার ৫৫৯ জন পর্যবেক্ষককে তালিকা থেকে বাদ না দিয়েই কার্ড দেওয়ার নতুন নির্দেশনা জারি করা হয়।

রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো নির্দেশনায় পর্যবেক্ষকদের জন্য কঠোর কিছু শর্ত আরোপ করা হয়েছে-

  • পর্যবেক্ষকদের বয়স ১১ ফেব্রুয়ারি ২০০৫ বা তার আগে হতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে এসএসসি ও এইচএসসি পাসের সত্যায়িত সনদ জমা দিতে হবে।
  • সংশ্লিষ্ট সংস্থার প্রধানকে প্রত্যয়ন করতে হবে যে নিয়োগকৃত পর্যবেক্ষকদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।

এ ঘটনায় ইসির সিদ্ধান্ত প্রক্রিয়ায় সমন্বয়হীনতা ও স্ববিরোধিতার চিত্র প্রকাশ পেয়েছে। একটি সংস্থাকে বিপুল সংখ্যক পর্যবেক্ষক দেওয়ার সিদ্ধান্ত, এরপর তা স্থগিত করা এবং ২৪ ঘণ্টার মধ্যে আবারও কার্ড দেওয়ার নির্দেশ-এই ধারাবাহিকতা নিয়ে নির্বাচন পর্যবেক্ষক মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত