চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি ২৭০ গ্রাম গান পাউডার ও ককটেল তৈরির উপকরণ উদ্ধার করেছে র্যাব-৫। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে শিবগঞ্জ উপজেলার পাড়-ঘোড়াপাখিয়া একটি সরিষা ক্ষেতের ভিতর থেকে এসব উপকরণ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শিবগঞ্জে পাড়-ঘোড়াপাখিয়া এলাকায় সরিষা ক্ষেতের ভিতর মেহগনি গাছের নীচে সন্দেহজনক প্লাস্টিকের বস্তার উপর কয়েকটি পলিথিনের ব্যাগ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল গতরাতে অভিযান চালায়। এ সময় ৬ কেজি ২৭০ গ্রাম গান পাউডার সদৃশ্য গুড়া পদার্থ ও বোমা তৈরির উপকরণ, ছোট পাথর ১ কেজি ৭০০ গ্রাম, কাঁচের গুড়া ১ কেজি ৪০০ গ্রাম, লোহার পেরেক ৩৮৫ গ্রাম, ১২টি লাল রংয়ের কসটেপ, ৩১টি প্লাস্টিকে জর্দার কৌটা, ২৯টি গ্যাস লাইটা উদ্ধার করা হয়। আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা উপকরণগুলো শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।
র্যাবের ধারনা, উদ্ধারকৃত আলামত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অশান্তি সৃষ্টির লক্ষ্যে নাশকতা করার পরিকল্পনায় দুষ্কৃতিকারীরা লুকিয়ে রেখেছিল।
