চাঁপাইনবাবগঞ্জে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম
নিকাহ রেজিস্ট্রারদের লাইসেন্সে নির্ধারিত এলাকা বহাল রাখার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা। এতে জেলাজুড়ে বন্ধ রয়েছে বিয়ে ও তালাক নিবন্ধনের কার্যক্রম।
 
সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। 
 
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলার ৪৫টি ইউনিয়ন ও চারটি পৌরসভার নিকাহ রেজিস্ট্রাররা এতে অংশ নেন। কর্মসূচিতে বক্তারা বলেন, আইন মন্ত্রণালয় নিকাহ রেজিস্ট্রারদের লাইসেন্সভুক্ত এলাকা বিভাজন করে প্রতিটি ইউনিয়নে তিনজন, পৌরসভার প্রতি ওয়ার্ডে একজন এবং সিটি করপোরেশনের প্রতি ওয়ার্ডে তিনজন করে নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।
 
এ সিদ্ধান্ত অযৌক্তিক ও হটকারী দাবি করে তারা বলেন, বর্তমানে বাৎসরিক বিবাহের সংখ্যা ও নগদ মোহরানার পরিমাণ কম হওয়ায় আমরা এমনিতেই অভাব-অনটনে দিন পার করছি। এই অবস্থায় এলাকা বিভাজন করে নতুন নিয়োগ দেয়া হলে কাজিরা আরো ক্ষতিগ্রস্ত হবেন।
 
বক্তারা অবিলম্বে সিদ্ধান্ত বাতিল করে লাইসেন্সে উল্লেখিত এলাকা বহাল রাখার দাবি জানান।
সর্বশেষ সর্বাধিক পঠিত