ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারীর নির্বাচনি ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন।
সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে পরীবাগ মসজিদ সংলগ্ন ২১নং ওয়ার্ডের নির্বাচনি ক্যাম্পে এ ঘটনা ঘটে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনি মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম হামলার তথ্যটি নিশ্চিত করেছেন।
হামলায় আহত ভুক্তভোগীদের অভিযোগ, দুপুর ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ক্যাম্পে আসে। তারা বলতে থাকেন, ‘তোদের নেতা কেন মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বলে? তোদের ক্যাম্প উড়িয়ে দিব, কখনো অফিস করতে পারবি না। অফিস জ্বালিয়ে দেওয়া হবে।’ উচ্চবাক্যে এসব কথা বলা শেষে তারা দেশীয় অস্ত্র দিয়ে নেতাকর্মীদের আঘাত করে এবং এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারে। জামায়াতে ইসলামী ও জোটের কর্মীরা প্রতিরোধ করলে কিছুক্ষণ ধস্তাধস্তি করে তারা পালিয়ে যায়।
হামলায় জামায়াতের ৪ কর্মী আহত হন। গুরুতর আহত সুমন নামের এক কর্মীকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহবাগ থানা পশ্চিম জামায়াতে ইসলামীর সেক্রেটারি লোকমান হোসাইন বলেন, হামলায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে রয়েছেন। তিনি সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন, শহীদ ওসমান হাদির এই আসনের জনগণ সব ধরনের জুলুম-নির্যাতন ও হামলার প্রতিবাদ আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটে দিবেন। গণতন্ত্রের পক্ষে ‘হ্যাঁ’ ভোট, সুশাসনের পক্ষে ১১ দলীয় জোটের প্রতীক শাপলা কলিতে ভোট দেবেন।
হামলার বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। খোঁজ-খবর নিয়ে জানাচ্ছি।
এর আগে, রবিবার রাত সাড়ে ১১টার দিকে একই ক্যাম্পের সামনে মির্জা আব্বাসের কর্মীরা এসে স্লোগান দেয় এবং হুমকি-ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ রয়েছে।
