পার্বতীপুরে ৫৪০ সিসি ক্যামেরার নজরদারি, ঝুঁকিপূর্ণ ৩২ ভোটকেন্দ্র

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ৮৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় ও আইনশৃঙ্খলা বাহিনী। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ও বিশেষ নজরদারির ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন জানিয়েছেন, উপজেলার ৮৯টি ভোটকেন্দ্রে মোট ৫৪০টি সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এর মধ্যে উপজেলার ১০টি ইউনিয়নে ৭৯টি এবং পৌরসভার ১০টি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে। ইতোমধ্যে ক্যামেরা স্থাপনের কাজ চলমান রয়েছে।

তিনি বলেন, ‘৩২টি ভোটকেন্দ্রকে আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে নির্ধারণ করেছি। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে এসব কেন্দ্রে দ্রুত পৌঁছানো কঠিন হতে পারে। তাই সিসি ক্যামেরার ফুটেজ দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। ক্যামেরায় কোনো কারিগরি সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক সমাধানের জন্য মেকানিক রাখা হবে।’

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ ফারুক জানান, নির্বাচনী পরিবেশ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে সব ধরনের নাশকতা এড়াতে থানা থেকে ৩০টি অনলাইন ও ৩৮টি অফলাইন মনিটরিং ব্যবস্থা চালু থাকবে। পাশাপাশি ভোটকেন্দ্র পর্যবেক্ষণে ব্যবহার করা হবে পুলিশের বডি অর্ন ক্যামেরা। নির্বাচনকালীন দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিনটি জোনে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ মোতায়েন থাকবে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন আরও বলেন, নির্বাচন নিরাপদ, শান্তিপূর্ণ ও ভয়মুক্ত রাখতে তিন প্লাটুন সেনাবাহিনী, তিন প্লাটুন বিজিবি, র‍্যাব, পুলিশ, আনসার ও ভিডিপি এবং গ্রাম পুলিশ দায়িত্ব পালন করবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির কুইক রেসপন্স ফোর্স ও মোবাইল টিম প্রস্তুত থাকবে। পাশাপাশি একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন।

এই আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পার্বতীপুরে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৭ হাজার ৫১৬ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৩৭ হাজার ৯৭৫ জন, পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ৪৬১ জন, পোস্টাল ভোটার ৪ হাজার ৭৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত