নারায়ণগঞ্জ-৩ আসনের সিদ্ধিরগঞ্জে একটি ভোটকেন্দ্রে রাতে সিল মারার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে। এমন অভিযোগের একটি ভিডিও আজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৭টায় নাসিক ৮নং ওয়ার্ডের অধীন ধনকুন্ডা পপুলার হাই স্কুলে (১৯০ নং ভোট কেন্দ্র) এ ঘটনা ঘটেছে।
এই প্রেক্ষাপটে মো. বশিরুল হক ভূইয়া নামের প্রিজাইডিং অফিসারের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাকবিতন্ডা এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হলে, যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।
জানা গেছে, প্রিজাইডিং অফিসার বশিরুল হক ভূইয়া সিদ্ধিরগঞ্জ থানা শাখা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি। বর্তমানে তিনি একটি স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।
সিদ্ধিরগঞ্জের দায়িত্বে নিয়োজিত সহকারি রিটার্নিং অফিসার শাহিনা ইসলাম চৌধুরী এ ঘটনার সত্যতা পাননি বলে জানিয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক জানান, রিটার্নিং অফিসারসহ আমরা উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পাইনি।
