ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-৯ এর আলোচিত স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ঢাকা-১১ আসনে ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটে তিনি খিলগাঁও তালতলায প্রাইম স্কুল এন্ড কলেজ ভোট কেন্দ্রে এসে ভোট দেন।
এটি ঢাকা-১১ আসন। ফলে নিজে ঢাকা-৯ এর প্রার্থী হলেও ব্যালট পেপারে নিজেদের প্রতীকে ভোট দেওয়ার সুযোগ পাননি তিনি।
ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বেশ আলোচনায় রয়েছেন তরুণ চিকিৎসক তাসনিম জারা। তবে তিনি ঠিক পাশের আসন ঢাকা-১১ এর ভোটার। তার ভোট প্রদান করা ভোটকেন্দ্রের কয়েকশো গজের পর থেকেই তাসনিম যারা আসন শুরু।
ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলাম বেশ আলোচনা আছেন। জুলাই অভ্যুত্থানের নেতৃত্বের সামনের কাতারে থাকা তরুণদের গড়া দল এনসিপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাসনিম জারা।
খিলগাঁও চৌধুরীপাড়ার একাংশ থেকে বাড্ডা ভাটারা পর্যন্ত নাহিদ ইসলামের ঢাকা-১১ আসন, এর বাহিরে খিলগাঁওয়ের কিছু অংশ, মুগদা, সবুজবাগ ও মান্ডা এলাকা নিয়ে গঠিত ঢাকা–৯।
ইসি’র ওয়েবসাইট ও ভোটার স্লিপ অ্যাপস অনুযায়ী, তাসনিম জারা ঢাকা-১১ আসনের নিবন্ধিত ভোটার। তিনি আগে চৌধুরীপাড়া মাটির মসজিদ এলাকায় থাকতেন। সেখান থেকে ভোটার হন তিনি। সেখানে তার ভোটকেন্দ্র নম্বর ৮০ এবং কেন্দ্রের নাম প্রাইম স্কুল অ্যান্ড কলেজ (খিলগাঁও বি-জোন পূর্ব)। নির্বাচনী আইন অনুযায়ী তাকে সেখানেই নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হয়।
এদিকে ভোট দেওয়ার পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের কোন মন্তব্য করেননি তাসনিম যারা। তিনি নিজস্ব একটি ভোটের প্রচারণার গাড়িতে ভোটকেন্দ্রে এসেছিলেন, সঙ্গে ছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি গাড়ি। ভোট দেওয়া শেষে তিনি পাশে তার নির্বাচনী এলাকায় চলে যান।