বাংলাদেশের বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদের সংস্কার প্রস্তাবের ওপর গণভোট হলো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ কেন্দ্রে বেলা সাড়ে ১১টার দিকে আমি সস্ত্রীক ভোট দিয়েছি। একটি অবাধ, সুষ্ঠু, ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করল। এটি একটি নতুন ফেনোমেনা। কারণ একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, তার রাজনৈতিক ফসল এই গণতান্ত্রিক নির্বাচন। এজন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অভূতপূর্ব পরিবেশ বিরাজ করছে। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করতে গিয়ে অকাতরে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন। জনগণের প্রতিনিধিত্বশীল সরকারব্যবস্থার পথ সুগম করেছেন যারা, তাদের আত্মত্যাগকে শ্রদ্ধা ও সম্মান জানাই। আমি তাদের নিরলস প্রতিবাদ-প্রতিরোধের আন্দোলনে এই ক্যাম্পাসের ছাত্র-শিক্ষকদের অবদানকে কৃতজ্ঞচিত্তে স্বীকার করছি। তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাদের অবদানকে স্বীকার না করলে আজ আমি এবং এখানকার আবাসিক ছাত্র-শিক্ষকরা নির্বিঘেœ ভোট দিতে পারতেন না। আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি। ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ ন্যায়, অধিকার, সাম্য, ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় স্বতঃস্ফূর্তভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। বিজয় অর্জিত হয় লক্ষপ্রাণের বিনিময়ে। স্বাধীনতার পর শাসক যখন জনসাধারণের অভিভাবক হওয়ার কথা, তা না হয়ে নিপীড়ক হয়ে রাষ্ট্রযন্ত্রকে মানুষের অধিকারহরণে ও ন্যায্যতাকে দমিয়ে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তখন মানুষ অতিষ্ঠ হয়ে পড়েন। এই দুরবস্থা আমরা ১৯৭১-পূর্ববর্তী সময়ে আইয়ুবী ও ইয়াহিয়ার সামরিক শাসনে দেখেছি। স্বাধীনতা-উত্তরকালে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে লক্ষ করেছি সেই দুর্বিষহ সামরিক দুঃশাসন।
২০২৪-এ বহুল প্রচলিত ৩৬ জুলাই ফ্যাসিবাদী শাসন অবসানের পর অন্তর্বর্তী সরকারের এ সময়ে বাংলাদেশের আপামর জনসাধারণ গণতান্ত্রিক সরকারের যাত্রার যে ক্ষণ গণনা শুরু করেছিল, গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) তারই বাস্তবায়ন ঘটেছে। চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থান দেশকে কর্র্তৃত্ববাদী শাসন থেকে বের করে নতুন করে গণতান্ত্রিক পথে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে দেওয়ার শক্তি হিসেবে আমি জুলাই যোদ্ধা, অন্তর্বর্তী সরকার, রাষ্ট্রসংস্কারে নিয়োজিত ব্যক্তি, নির্বাচন কমিশন সর্বোপরি এ দেশের সব নাগরিক এবং ভোটারদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই সংসদ নির্বাচন শুধু সাংবিধানিক গণতান্ত্রিক চর্চার শুধু অনুশীলন নয়। তিন-চার দিন ধরে আমরা লক্ষ করছি এই ভোট একটি বিরাট মহোৎসবে পরিণত হয়েছিল। ঈদ উৎসবের মতো মানুষ ভোট দিতে প্রত্যেকে তার নির্বাচনী এলাকায় গিয়েছেন। এমন একটি পরিবেশ এবং এমন দিনের জন্য মানুষ কতটা ব্যাকুল হয়েছিলেন, তা রাস্তাঘাটে, লঞ্চ, ট্রেনে উপচে পড়া ভিড় সেই তথ্য জানিয়ে দিয়েছে। ঢাকাসহ বড় শহরগুলো থেকে মানুষ ভোট দেওয়ার জন্য যেভাবে বাড়ির দিকে ছুটে গিয়েছেন, তা গণতন্ত্রের প্রতি দেশের মানুষের নিরঙ্কুশ আস্থারই বহিঃপ্রকাশ। নাগরিক অধিকার হিসেবে ভোট দেওয়ার যে আনন্দ মানুষের চোখে-মুখে, অভিব্যক্তিতে ফুটে উঠেছিল, তা বলাই বাহুল্য। এসব কারণেই গতকাল (১২ ফেব্রুয়ারি) ছিল বাংলাদেশের জন্য এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। এই দিনটি বাংলাদেশের ইতিহাসে গণতান্ত্রিক পদযাত্রার গৌরবের দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। নতুন স্বাধীনতার স্বাদ আমরা অনুভব করছি। এ কথাও বলা প্রয়োজন যে, দেশের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম কখনো মসৃণ ছিল না। বিশেষ করে, জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছি। তাদের ত্যাগ আমাদের জন্য একটি পবিত্র আমানত। নির্বাচনে বিএনপি এবং জামায়াতের নেতৃত্বাধীন দুটি বড় জোট অংশগ্রহণ করেছে। ভোটে এই দুটি জোটের যারাই বিজয়ী হোক না কেন, তাদের মনে রাখতে হবে দেশ গঠনের কথা। মনে রাখতে হবে দেশের ভঙ্গুর অর্থনীতির কথা। মনে রাখতে হবে তরুণ বেকারদের চাকরি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার কথা। মনে রাখতে হবে ফসল উৎপাদক কৃষক সমাজের কথা। মনে রাখতে হবে আমাদের সাংস্কৃতিকভাবে বিজয়ী হওয়ার কথা।
আমরা কোনো আধিপত্যবাদকেই আর প্রশ্রয় দেব না, যাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কোনো বড় শক্তির রোষানলে না পড়ে। আমাদের শাসকদের এটা মনে রাখতে হবে, শিক্ষার্থী, শিক্ষক ও প্রগতিশীল চিন্তকদের বিষয়ে একটি প্রজ্ঞাবান সাংস্কৃতিক গোষ্ঠী নির্মাণের কথা। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের লড়াকু শিক্ষার্থীদের কথা মনে রেখে এমন প্রণোদনাময় পরিকল্পনা করতে হবে, যাতে তারা দেশ-বিদেশে নিজেদের মাথা উঁচু করে চলতে পারে। অতঃপর, নতুন সরকারের কাঁধে অর্পিত হতে যাচ্ছে সেই দায় ও দায়িত্ব, যা আমরা আশা করি। শুধু প্ল্যান থাকলেই হবে না, সেই পরিকল্পনা বাস্তবায়নের পথে আসতে হবে। আজ আমাদের কৃষক ও তাদের উৎপাদনের যে গতি পেয়েছি, তাদের সমস্যাকে নিবিড়ভাবে বুঝতে হবে। কারণ, কৃষি হচ্ছে আমাদের অর্র্থনীতির প্রাণ। আমাদের খাদ্যের জোগানদাতা, আমাদের মৌলিক শক্তির উৎস। তারা যে শক্তি আমাদের দেন, ঠিক সেভাবে সরকার ও জনপ্রতিনিধিদের সে বিষয়ে কাজ করতে হবে। কথায় কিন্তু চিড়ে ভিজবে না। সেখানে জলসিঞ্চন করতে হবে। আমাদের শিল্প সেক্টরকে ধ্বংসের উপান্তে নিয়ে গেছে হাসিনার লুটেরা সরকার। ব্যাংকগুলোকে লুটেপুটে ফোকলা করে দেওয়া হয়েছে। এই অচলাবস্থা থেকে উদ্ধারে ড. মুহাম্মদ ইউনূস ভালো উদ্যোগ নিয়েছেন। সেই উদ্যোগের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। নতুন প্রণোদনা দিয়ে শিল্প সেক্টরকে উজ্জীবিত করতে হবে। দলীয় লোক দিয়ে যেন প্রশাসনের ধারাবাহিকতা নস্যাৎ করা না হয়, যা হাসিনা করেছিলেন, সে পথে না যাওয়াই ভালো। সবচেয়ে খারাপ অবস্থায় আছে আমাদের সাংস্কৃতিক সংস্থাগুলো। ঐতিহ্যিক পরম্পরা যেন আমরা হারিয়ে ফেলেছি। আমাদের চিন্তাশীল, সৃজনশীল ব্যক্তি ও গোষ্ঠীকে লালন করে আধিপত্যবাদীর স্রোত থেকে উদ্ধার করতে হবে। ভারতীয় সম্প্রসারণবাদী প্রগতিধারা বাদ দিয়ে দেশীয় ও লোকজ জীবনের রূপ নির্মাণ করতে হবে। দেশের সংবাদপত্র শিল্পের সমস্যা-সংকটকে অ্যাড্রেস করলেই শুধু চলবে না, তাদের এবং জনগণের মতপ্রকাশের স্বাধীনতা সুনিশ্চিত করতে হবে। গণতন্ত্রের প্রধান উপাদানই হচ্ছে ব্যক্তির মতপ্রকাশের স্বাধীনতা। সেই স্বাধীনতাহরণ করেছিল ফ্যাসিস্ট হাসিনার সরকার। তাঁবেদার ও দলীয় আনুগত্যের মোহ থেকে কোনো মিডিয়াকে নিজেদের বলে ছাড় দেওয়া যাবে না।
শিক্ষা কারিকুলাম ঝালাই করে তাঁবেদারি পরিহার করতে হবে। শিশুশিক্ষা অতীব জরুরি বিষয়। কারণ শিশুকাল থেকেই মনস্তত্ত্ব নির্মিত হয়। শিশু পরিচর্যা, শিশুর শিক্ষা উপকরণ ও তাদের সঙ্গে পারিবারিক এবং সামাজিকভাবে কেমন আচরণ করতে হবে, সেই শিক্ষা গ্রামস্তরের প্রাথমিক স্কুল স্তর থেকে দিতে হবে। আমরা জানি, এত এত দায়িত্ব নতুন আসা সরকারের পক্ষে রাতারাতি সম্পন্ন করা সম্ভব নয়। তবে, পরিকল্পনাটি দীর্ঘকালের জন্য নেওয়া হলে যে গর্তে পড়ে আছে আমাদের শিশুকাল, তাকে উদ্ধার করতে হবে। এবারের নির্বাচন আমাদের ৫৪ বছরের ভঙ্গুর গণতন্ত্র ও বিভাজিত সমাজকে মেরামতের একটি বড় সুযোগ করে দিয়েছে। সবার আগে দেশটাকে নতুনভাবে গড়ে তুলতে হবে। রাজনৈতিক দলগুলোকে জনগণের এই অতি সাধারণ চাওয়াটাকে সামান্য সম্মান জানাতে হবে। আবার দেশ গঠনের দায়িত্ব শুধু সরকারেরই নয়, প্রত্যেক মানুষকেই নিজ নিজ অবস্থান থেকে এতে অংশগ্রহণ করতে হবে। এই নির্বাচন আমাদের সামনে সেই দায়িত্বও এনে দিয়েছে। শহীদদের স্বপ্নপূরণ করার দায়িত্ব, গণতন্ত্রকে সুসংহত করার দায়িত্ব এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যব্যবস্থা প্রতিষ্ঠার দায়িত্ব। আমি সব নাগরিক, বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানাই আপনারা গণতান্ত্রিক অধিকার চর্চায় সক্রিয় হন। আমাদের মনে রাখতে হবে, গণতন্ত্র শুধু একটি শব্দ নয়; এটি একটি চর্চা, একটি সংস্কৃতি, একটি অঙ্গীকার। আসুন, আমরা সবাই মিলে দেশে গণতন্ত্রকে আরও শক্তিশালী করি এবং একটি ন্যায়ভিত্তিক, অংশগ্রহণমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।
লেখক: উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়