প্রিন্সকে হারিয়ে এমপি হলেন স্বতন্ত্র প্রার্থী রুবেল

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০২ পিএম

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল বিজয়ী হয়েছেন।

তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির যুগ্ম মহাসচিব ও ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে ৬ হাজার ৩৩৯ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনের মোট ১৪৩টি ভোটকেন্দ্রে (হালুয়াঘাটে ৯৪টি ও ধোবাউড়ায় ৪৯টি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট বৈধ ভোট পড়ে ২ লাখ ৬৪ হাজার ৬৭৩টি।

ফলাফল অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল পেয়েছেন ১ লাখ ৮ হাজার ২৬৫ ভোট। অপরদিকে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯২৬ ভোট।

ফলাফল ঘোষণার সময় হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা চত্বরে ধানের শীষের বিপুলসংখ্যক কর্মী-সমর্থক জড়ো হলে কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা টহল জোরদার করেন এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক ছিল। ফলাফল ঘোষণার সময় কিছু এলাকায় লোকসমাগম বাড়লেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত