মাদকমুক্ত জাতি গঠনে তরুণদের খেলায় ফেরার আহ্বান রাষ্ট্রপতির

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৮:২৭ এএম

মাদকমুক্ত জাতি গঠনে তরুণদের খেলার মাঠে ফেরার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন আয়োজিত আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ‘তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, মোবাইল আসক্তি এবং হতাশা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শৃঙ্খলা, অধ্যবসায় ও আত্মবিশ্বাস শেখায়। তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে সুস্থ জাতি গঠনে তাদের খেলার মাঠে ফেরার আহ্বান জানান তিনি।’

রাষ্ট্রপতি বলেন, ‘খেলাধুলা জাতীয় গৌরব ও ঐক্যের প্রতীক। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা উড়ানো এবং বিজয়মঞ্চে জাতীয় সংগীত বাজানো পুরো জাতির জন্য গর্বের বিষয়। তখন আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশি। নিজেদের খেলোয়াড় তৈরি করতে হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের দলকে সাফল্য এনে দিতে হবে। আর কতদিন আমরা আর্জেন্টিনা-ব্রাজিলের দিকে তাকিয়ে থাকব?’ নারী অ্যাথলেটদের সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি স্কুলপর্যায়ে ‘ইন্টার স্কুল স্পোর্টস কম্পিটিশন’ দ্রুত চালুর কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তৃণমূল পর্যায় থেকে সব ধরনের খেলাধুলাকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। খেলাধুলার প্রসার, সুস্থ জাতি গঠন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে স্পোর্টস কার্ড, স্পোর্টস অ্যালাউন্স, তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ কর্মসূচি এবং জেলাপর্যায়ে আধুনিক স্পোর্টস ভিলেজ গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।’

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘খেলাধুলাকে অধিক গুরুত্ব দিয়ে সরকার কার্যক্রম শুরু করেছে। এ লক্ষ্যে ‘নতুন কুঁড়ি’সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিকমানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলা হবে। তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করে সরকার একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায়।

এর আগে বিকেলে জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতার মশাল প্রজ্বালন করেন সাবেক অ্যাথলেট মহিউদ্দিন আহমেদ মোস্তাক ও সুমিতা রানী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অ্যাথলেট ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার পর্দা উঠল। এ আয়োজনে ৫৭ সংস্থার ৫৬৫ অ্যাথলেট অংশ নিচ্ছেন। পুরুষদের ২২ ও নারীদের ১৮টিসহ মোট ৪০টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাথলেটরা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল্লাহ জাবের এবং  সাধারণ সম্পাদক আলী ইমাম তপনসহ দেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিরা।

মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খানকে গতকাল শুক্রবার সকালে দেখতে যান রাষ্ট্রপতি। তিনি মঈন খানের চিকিৎসার খোঁজখবর নেন। মঈন খান দুদিন ধরেই অসুস্থ হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

সর্বশেষ সর্বাধিক পঠিত