বিয়ের গুঞ্জনের মাঝেই বেকায়দায় দক্ষিণী তারকা ধানুশ। গুণতে হচ্ছে ২০ কোটি রুপি। দীর্ঘদিনের একটি চলচ্চিত্র প্রকল্প মাঝপথে আটকে রাখা এবং সময়মতো শুটিং শেষ না করার অভিযোগে অভিনেতাকে ২০ কোটি টাকার আইনি নোটিশ পাঠাল প্রযোজনা সংস্থা ‘তেনান্দাল ফিল্মস’। সংস্থার দাবি, ধানুশের অসহযোগিতার কারণে তাদের বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।
টাইমস নাও-এর প্রতিবেদন অনুযায়ী, তেনান্দাল ফিল্মসের দাবি, ২০১৬ সালে ধানুশ তাদের সঙ্গে ‘নান রুদ্রন’ নামক একটি সিনেমায় কাজ করার চুক্তিতে সই করেছিলেন। সিনেমাটিতে অভিনয় করার পাশাপাশি তার পরিচালনার দায়িত্বও নেওয়ার কথা ছিল। কিন্তু অভিযোগ, অভিনেতা শুরু থেকেই এই প্রজেক্ট নিয়ে অনীহা দেখিয়েছেন। প্রযোজক পক্ষ তার সুবিধামতো পরিকল্পনায় বদল আনতে রাজি হলেও, ধানুশ ছবির সম্পূর্ণ চিত্রনাট্য জমা দেননি বলে দাবি করা হয়েছে।
প্রযোজনা সংস্থার আইনি পরামর্শদাতা এ চিদম্বরম জানিয়েছেন, ধানুশ এই ছবির কাজ শেষ না করেই অন্য সিনেমার শুটিংয়ের জন্য ডেট দিয়ে দিয়েছেন। ফলে মাঝপথে আটকে গিয়েছে ‘নান রুদ্রন’-এর কাজ। নোটিশে স্পষ্ট জানানো হয়েছে, প্রাথমিক পর্যায়ে ছবির পেছনে যে বিপুল বিনিয়োগ করা হয়েছিল, ধানুশের গড়িমসির কারণে তা জলে গেছে। নির্ধারিত সময়ের মধ্যে এই ২০ কোটি টাকা পরিশোধ না করলে বিষয়টি আরও বড় আইনি লড়াইয়ের দিকে গড়াবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেনান্দাল ফিল্মস।
এত বড় অভিযোগ এবং বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করা সত্ত্বেও এখন পর্যন্ত ধানুশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। অভিনেতা বর্তমানে নিজের অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।
বাংলাদেশের নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে: কমনওয়েলথ
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি
চঞ্চলের কণ্ঠে এবার বাউল গান