বিমানের চেয়ারম্যানের পদ ছাড়লেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩২ পিএম

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন। 

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিনি তাঁর পদত্যাগপত্র মন্ত্রণালয়ে জমা দেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পদত্যাগপত্রটি অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে। শেখ বশিরউদ্দীন বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।

গত বছরের ২৬ আগস্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান শেখ বশিরউদ্দীন। তিনি সাবেক চেয়ারম্যান মুয়ীদ চৌধুরীর স্থলাভিষিক্ত হন।

এদিকে, তাঁর পদত্যাগের পর বিমানের নতুন চেয়ারম্যান কে হচ্ছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলায় বিমানের সদর দপ্তর বলাকায় কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে শেখ বশিরউদ্দীনকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত