সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী হলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৯ পিএম

আইন মন্ত্রণালয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের পাঁচজন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছে। 

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের (জিপি-পিপি শাখা) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

নতুন করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পাওয়া আইনজীবীরা হলেন-মো. আবদুস সামাদ, মলয় কুমার রায়, মো. শফিকুল ইসলাম, মো. ইছা ও মো. ওবায়দুর রহমান (তারেক)। এদের মধ্যে মো. ইছা এবং মো. ওবায়দুর রহমান (তারেক) এর আগে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন এ সংক্রান্ত প্রজ্ঞাপনে সই করেন। 

প্রজ্ঞাপনে বলা হয়, ‘দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার-১৯৭২’-এর ৩(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের এই পাঁচ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে গত বছরের ২৮ আগস্ট জারি করা স্মারকে মো. ইছা ও মো. ওবায়দুর রহমানকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে দেওয়া নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে।

এদিকে, অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে এই কার্যালয়ে ৯৮ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কর্মরত রয়েছেন। নতুন পাঁচজন যোগ দেওয়ার মাধ্যমে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সংখ্যা বেড়ে ১০৩-এ দাঁড়াল।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত