ভারতের কাছে হেরে কপাল পুড়ছে দুই পাকিস্তানি তারকার?

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৫ এএম

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে বড় ব্যবধানে হারের পর কঠোর সিদ্ধান্তের পথে হাঁটছে পাকিস্তান ক্রিকেট। দলীয় সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, পরবর্তী ম্যাচে বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিকে একাদশের বাইরে রাখা হতে পারে। কলম্বোয় ভারতের কাছে ৬১ রানে হারের পরই এই আলোচনা শুরু হয় বলে জানা গেছে।

বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে চায়নি পাকিস্তান। শেষ পর্যন্ত খেললেও স্রেফ উড়ে গেছে সূর্যকুমারদের কাছে। চারদিকে চলছে সমালোচনা। বাদ পড়েননি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিও। জানা গেছে, ইতোমধ্যেই নাকভি দলের পারফরম্যান্সে চরম অসন্তোষ প্রকাশ করেছেন এবং গুরুত্বপূর্ণ ম্যাচে এমন খেলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে বার্তা দিয়েছেন।

পাকিস্তানের টিম ম্যানেজম্যান্টের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ম্যাচ চলাকালীনই পরাজয় নিশ্চিত মনে হওয়ায় মহসিন নাকভি স্টেডিয়াম ছেড়ে যান। পরে ড্রেসিংরুমে খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন প্রধান কোচ মাইক হেসন এবং জানান, দল নিজেদের পূর্ণ সামর্থ্য দেখাতে পারেনি। রাতের বৈঠকে সিদ্ধান্ত হয়, নামিবিয়ার বিপক্ষে দলের নতুন সমন্বয় পরীক্ষা করা হবে। বাবর ও শাহিনের বিশ্বকাপ অভিযান এখানেই শেষ হতে পারে।

ওই ম্যাচে সুযোগ পেতে পারেন নাসিম শাহ বা সালমান মির্জা এবং ব্যাটিংয়ে ফিরতে পারেন ফখর জামান। পাশাপাশি তরুণ খাজা নাফায়কেও বিবেচনা করা হচ্ছে। সুপার এইটে উঠতে হলে পরের ম্যাচে নামিবিয়ার বিপক্ষে কোনো ভুলের সুযোগ নেই পাকিস্তানের। এর আগে তারা যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসকে হারালেও ভারতের কাছে বড় হারে টুর্নামেন্টে অবস্থান নড়বড়ে হয়ে গেছে। এখন দেখার, শেষ পর্যন্ত পিসিবি কী সিদ্ধান্ত নেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত