বক্তব্য পাল্টে ফেললেন পিসিবি চেয়ারম্যানকে ‘অশিক্ষিত’ বলা শোয়েব!

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৬ পিএম

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিকে তীব্র আক্রমণ করা সাবেক পেসার শোয়েব আখতার তার বক্তব্য বদলে ফেললেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের পর তিনি নাকভিকে ‘অযোগ্য’ ‘অশিক্ষিত’ বলে আক্রমণ করেছিলেন। একদিন না যেতেই তার দাবি, নাকভিকে উদ্দেশ্য করে তিনি এসব বলেননি।

ভারতের এবিপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ নামে পরিচিত শোয়েব নাকভিকে ‘অযোগ্য’ ও ‘অশিক্ষিত’ বলে মন্তব্য করেছিলেন। এই বক্তব্য সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বড় প্রতিক্রিয়া তৈরি হয়। কিন্তু পরদিন পাকিস্তানের এআরওয়াই নিউজকে তিনি বলেন, ‘অযোগ্য এবং অদক্ষ শব্দগুলো আমি মহসিন নাকভি ভাইকে উদ্দেশ করে বলিনি। তাকে বলেছি মনে হলেও সেটা ছিল সামগ্রিকভাবে অযোগ্য নেতৃত্বের প্রসঙ্গে।’

উল্লেখ্য, মহসিন নাকভি শুধু পিসিবি চেয়ারম্যানই নন; তিনি পাকিস্তান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। শোয়েব আখতার আরও বলেন, ‘আমি একই অনুষ্ঠানে এটাও বলেছি, মহসিন নাকভির বিরুদ্ধে ভুল কথা বলা উচিত নয়। তিনি ভালো মানুষ এবং পাকিস্তান ক্রিকেটকে সাহায্য করতে চান, কিন্তু সঠিক পরামর্শ পান না।’

শোয়েব অবশ্য এটাও স্বীকার করেন, ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পিসিবির অবস্থান পরিবর্তনের ঘটনায় তিনি এখনো অসন্তুষ্ট। তার ভাষায়, ‘আমি খবই রাগান্বিত, কারণ তিনি (মহসিন নাকভি) অবস্থান নিয়েছিলেন কিন্তু সেটায় অটল থাকেননি। পুরো কমিউনিটি তার সঙ্গে ছিল। ইউ-টার্ন নেওয়ার আগে আমার সঙ্গে কথা বলতে পারতেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত