ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাসচাপায় প্রাইভেট কারের আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার শাহবাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের আমজাদ হোসেন (৪৮) ও তার মা হাসিনা (৬৫)। এ ঘটনায় প্রাইভেট কারের আরও তিন যাত্রী আহত হয়েছেন। তারা হলেন আমজাদ হোসেনের ছেলে চাঁদ (১২) ও হৃদয় (২৫) এবং একই গ্রামের নিলুফা (৩৬)।
সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, দুপুরে একটি বাস মহাসড়কের শাহবাজপুর প্রথম গেট এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে এটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেট কারে থাকা পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়ার সময় ওই দুজন মারা যান। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
