কুমিল্লায় রাজনৈতিক সমীকরণে বড় চমক দেখিয়ে সংসদ সদস্য (এমপি) না হয়েও মন্ত্রী হয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর-রশিদ ইয়াছিন। ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার সদস্য হিসেবে গতকাল মঙ্গলবার তিনি শপথ নেন। টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে তাকে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য এ তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, কুমিল্লা-৬ আসনে দলীয় মনোনয়ন চেয়ে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন ইয়াছিন। মনোনয়ন না পাওয়ায় তার অনুসারীরা বিভিন্ন কর্মসূচি পালন করেন। পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও দলের চেয়ারম্যান তারেক রহমানের আশ্বাসে প্রার্থিতা প্রত্যাহার করেন। এরপর দলীয় প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে কাজ করেন। শপথের আগে আমিন-উর-রশিদ ইয়াছিন বলেন, ‘মন্ত্রিপরিষদের শপথে যেতে কল পেয়েছি। কুমিল্লার মানুষের ইচ্ছা হয়তো পূরণ হবে।’
ইয়াছিন ১৯৯৬ সালে কুমিল্লা-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৫ সালের ১২ মার্চ তাকে চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য করা হয়। একই দিন মন্ত্রিসভায় শপথ নিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে এবার ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনে তিনি ১ লাখ ৫৯ হাজার ২৫১ ভোট পান। তাকে আবারও ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এদিকে কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত জাকারিয়া তাহের সুমনকেও মন্ত্রী করা হয়েছে। তাকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
