‘১০ নম্বর জার্সি’ পরেই শপথ অনুষ্ঠানে হাসনাত

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ এএম

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় আলোচিত সেই ‘১০ নম্বর জার্সি’ পরেই ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিলেন কুমিল্লা-৪ আসনের ১১-দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। এর আগেও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন অনুষ্ঠানে তাকে (হাসনাত) এই ট্রেডমার্ক জার্সি পরে অংশ নিতে দেখা গেছে।

গতকাল মঙ্গলবার সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তার বটল-গ্রিন রঙের আলোচিত জার্সিটি পরে শপথ নেন। জার্সির সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো রয়েছে। ইংরেজিতে লেখা আছে বিশ্ববিদ্যালয়ে তার বিভাগের নাম ‘ইংলিশ’। জার্সির পেছনে ইংরেজিতে তার নাম (হাসনাত) লেখা। জার্সি নম্বর ১০।

কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে একেবারে শুরু থেকেই সামনের সারিতে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী হাসনাত আবদুল্লাহ। আন্দোলনের শুরু থেকে প্রায়ই তাকে ওই টি-শার্ট পরতে দেখা গেছে। ৮ আগস্ট রাতে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানেও সেই টি-শার্ট পরেই অংশ নেন তিনি।

একই টি-শার্ট ব্যবহারের কারণ জানতে চাইলে এর আগে একবার হাসনাত আবদুল্লাহ গণমাধ্যমকে বলেছিলেন, ‘আমি যখন প্রথম বনশ্রীর বাসা থেকে আন্দোলনে আসি, তখন পথে ছাত্রলীগ বাজেভাবে মারধর করে। এরপর আর বাসায় ফেরা হয়নি। আন্দোলন আরও এগোতে থাকলে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিপীড়ন করেছে, যারা সমন্বয়ক ছিলাম ডিবি পুলিশ তাদের উঠিয়ে নিয়ে যায়। এই টি-শার্টটিও স্বৈরাচার মোকাবিলার সিম্বল হয়ে ওঠে। প্রতিজ্ঞা করেছিলাম, যতক্ষণ পর্যন্ত স্বৈরাচারের পতন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এটি খুলব না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত