নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির মন্ত্রিসভায় চট্টগ্রাম থেকে দুজন স্থান পেয়েছেন। এরা হলেন চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
গতকাল মঙ্গলবার নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৪৯ সদস্যের মন্ত্রিপরিষদে শপথ নেন চট্টগ্রামে বিএনপির কেন্দ্রীয় কমিটির দুই প্রভাবশালী নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এদের মধ্যে আমীর খসরুকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং মীর হেলালকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
১৯৯১ সালের নির্বাচনে চট্টগ্রাম-৮ আসন থেকে উপনির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে আমীর খসরু মাহমুদ জয়ী হন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারি ও জুনে অনুষ্ঠিত দুটি নির্বাচনেই জয়ী হন আমীর খসরু। ২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম সংসদ নির্বাচনেও একই আসন থেকে নির্বাচিত হন তিনি। ওই সময় চারদলীয় জোট সরকারে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। সর্বশেষ গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে জয়ী হন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবারের নির্বাচনে চট্টগ্রাম-৫ আসন থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। দলের চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণে শক্ত অবস্থান গড়ে নিয়েছেন তিনি। পিতা মীর মোহাম্মদ নাসির উদ্দিনও খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারের মন্ত্রী ছিলেন।