শপথ নিলেন বিরোধী দলের সংসদ সদস্যরা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ এএম

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শপথ নিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব। এ দিন জামায়াতে ইসলামীর ৬৮ জন সংসদ সদস্য দলের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে শপথগ্রহণ করেন। তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিস থেকে নির্বাচিত ৩ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ১ জন এবং স্বতন্ত্র থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। তা ছাড়া নির্ধারিত সময়ে উপস্থিত না হতে পারায় বিএনপির ইশরাক হোসেনও তাদের সঙ্গে শপথগ্রহণ করেন। আলাদাভাবে শপথ নিয়েছেন এনসিপির ৬ সংসদ সদস্য।

বিরোধীদলীয় সংসদ সদস্যদের প্রথম বৈঠক : শপথ শেষে জাতীয় সংসদের প্রধান বিরোধী দলের কক্ষে জামায়াতে ইসলামীর সংসদীয় দলের প্রথম সভা হয়। সভায় সভাপতিত্ব করেন আমির ডা. শফিকুর রহমান। এরপর ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্যদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত সংসদ সদস্যদের সিদ্ধান্তক্রমে বিরোধীদলীয় নেতা নির্বাচিত হন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বিরোধীদলীয় উপনেতা নির্বাচিত হন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং বিরোধীদলীয় চিফ হুইপ নির্বাচিত হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সর্বশেষ সর্বাধিক পঠিত