মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর গঠিত ‘বোর্ড অব পিস’কে ইসরায়েলের বিরুদ্ধে চাপ সৃষ্টি করে গাজায় চলমান সামরিক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়েছে হামাস। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত অক্টোবর সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে সংগঠনটি।
ওয়াশিংটন ডিসিতে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এই বোর্ডের প্রথম আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে গাজাবাসী যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ পুরোপুরি কার্যকর হওয়ার অপেক্ষায় রয়েছে।
এক ভিডিও বার্তায় হামাসের মুখপাত্র হাজেম কাসেম অভিযোগ করেন, চুক্তি সত্ত্বেও গাজায় হত্যাকাণ্ড, বাস্তুচ্যুতি, অবরোধ ও নানা বিধিনিষেধ অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ৬০০-র বেশি ফিলিস্তিনি নিহত এবং অন্তত ১,৬০০ জন আহত হয়েছেন।
কাসেম আরও বলেন, গাজার শাসন ও পুনর্গঠনের জন্য মনোনীত টেকনোক্র্যাট কমিটিকে দায়িত্ব পালনের সুযোগ করে দিতে হবে। পাশাপাশি পূর্ণ অবরোধ প্রত্যাহার ও সীমান্ত ক্রসিংগুলো সম্পূর্ণভাবে খুলে দেওয়ার আহ্বান জানান তিনি। সীমিত প্রবেশাধিকার ও যাত্রীদের ওপর আরোপিত বিধিনিষেধ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
এদিকে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গাজা সিটির তুফাহ এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণ এবং খান ইউনিসে ট্যাংক থেকে ভারী মেশিনগানের গুলিবর্ষণের খবর পাওয়া গেছে। এছাড়া ইসরায়েল এখনও গাজায় ত্রাণ প্রবেশ কঠোরভাবে বাধাগ্রস্ত করছে এবং হাজারো অসুস্থ ও আহত মানুষকে বিদেশে চিকিৎসা নিতে গাজার বাইরে যেতে দিচ্ছে না।
