৪ উইকেটের সাথে ৪ ক্যাচ: বিশ্বকাপে ইতিহাস গড়লেন শামার জোসেফ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৫ পিএম

অপরাজিত থেকেই গ্রুপপর্ব শেষ করল ওয়েস্ট ইন্ডিজ। আগেই সুপার এইট নিশ্চিত করা দলটি আজ ইতালিকে ৪২ রানে হারিয়ে দিয়েছে। বল হাতে ৪ উইকেট শিকার করেছেন উইন্ডিজের ডানহাতি পেসার শামার জোসেফ, একইসঙ্গে নিয়েছেন ৪টি ক্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এমন কীর্তি আর কারও নেই।

বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক শেই হোপ খেলেন ৪৬ বলে ৭৫ রানের দারুণ ইনিংস। এছাড়া কেউ আর ত্রিশের ঘরেও যেতে পারেননি। ২৪ রান করে তুলেছেন রোস্টন চেজ আর রাদারফোর্ড। শেষদিকে ম্যাথু ফোর্ড ৮ বলে ১৬ রানের ক্যামিও খেলেন। এদিন ইতালির বোলিং ছিল বেশ আঁটসাট, ফিল্ডিংও ছিল দুর্দান্ত।

রান তাড়ায় নেমে ইতালি অবশ্য খেই হারিয়ে ফেলে। আগের ৩ ম্যাচ মিলিয়ে ৩টি উইকেট নেওয়া জোসেফ এবার এক ম্যাচেই শিকার করেন ৪ উইকেট। ইতালির শেষ উইকেটটিও তার ঝুলিতেই ওঠে। আরেক পেসার ম্যাথু ফোর্ডও নেন ৩ উইকেট। ১৮ ওভারে ১২৩ রানে গুটিয়ে যায় ইতালি। আগামী সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার এইট শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত