উল্লাপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৯ এএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের সুবিচার প্রার্থনা করে সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন ৮০ জন অভিভাবক। গতকাল অভিযোগের চিঠিটি হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাহাব উদ্দিন।

লিখিত অভিযোগ থেকে জানা গেছে, ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডেপুটেশনে আসা প্রাক-প্রাথমিকের সহকারী শিক্ষক শাহ আলম ক্লাস পার্টি করার নামে শিক্ষার্থীদের কাছ থেকে ৮৮ হাজার টাকা চাঁদা ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের নামে ৯০ হাজার টাকা আদায় করেছেন। এ ছাড়া প্রতি শিক্ষকের কাছে থেকে ১ হাজার টাকা নিয়েছেন। এ ছাড়া শিক্ষক আন্দোলনের সময় উপজেলার সব প্রাথমিক বিদ্যালয় থেকে ৩ লাখ ৪০ হাজার টাকা চাঁদা আদায় করে তা আত্মসাৎ করেছেন। তিনি এ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গেও সর্বদা অসদাচরণ করেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, ‘অভিভাবকদের অভিযোগের বিষয়ে আমি কিছু জানি না।’ অভিযুক্ত সহকারী শিক্ষক শাহ আলম বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সঠিক নয়।

উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান জানান, শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত