বর্ণবাদে অভিযুক্ত খেলোয়াড়, কোচ বা ম্যানেজারের ফুটবলের সঙ্গে যুক্ত থাকার অধিকার নেইবলে মন্তব্য করেছেন চেলসির প্রধান কোচ লিয়াম রোসেনিয়র। তার মতে, বর্ণবাদের কোনো স্থান ফুটবল বা সমাজ- কোথাও নেই।
সম্প্রতি ইউরোপীয় প্রতিযোগিতার এক ম্যাচে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করা হয়। ইতোমধ্যেই এমন অভিযোগের তদন্ত শুরু করেছে ইউরোপীয় ফুটবল সংস্থা। অভিযোগের তীর বেনফিকার আর্জেন্টাইন খেলোয়াড় জিয়ানলুকা প্রেস্টিয়ান্নির দিকে, যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন।
অভিযোগ প্রমাণিত হলে ইউরোপীয় প্রতিযোগিতায় কমপক্ষে দশ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন প্রেস্টিয়ান্নি। এই ঘটনা নিয়ে মন্তব্য করতে গিয়ে রোসেনিয়র বলেন, 'কেউ বর্ণবাদের জন্য দোষী প্রমাণিত হলে তার আর খেলায় থাকা উচিত নয়। তিনি বলেন, কোনো খেলোয়াড়কে এমনভাবে কষ্ট পেতে দেখলে সাধারণত তার পেছনে কারণ থাকে।'
বেনফিকার কোচ জোসে মরিনিয়ো অবশ্য ম্যাচে গোল করার পর ভিনিসিয়ুসের উদ্যাপনকে দর্শক উস্কে দেওয়ার অভিযোগ তুলেছেন। তবে এই মন্তব্য নিয়ে সরাসরি কথা না বললেও ভিনিসিয়ুসের প্রতি সহানুভূতি প্রকাশ করেন রোসেনিয়র। তিনি জানান, নিজেও অতীতে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন এবং মানুষ যখন এমন কিছুর জন্য বিচার করে যেটা নিয়ে গর্বিত থাকা উচিত, সেটাই সবচেয়ে কষ্টের অনুভূতি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বেনফিকা ক্লাব প্রেস্টিয়ান্নির পক্ষে অবস্থান নিয়েছে। ক্লাবটির দাবি, খেলোয়াড়ের বিরুদ্ধে মানহানিকর প্রচার চালানো হচ্ছে এবং ভিডিও ফুটেজে দূরত্বের কারণে অভিযোগকারীর কিছু শুনতে পাওয়ার কথা নয়। যদিও কিলিয়ান এমবাপ্পে সাক্ষ্য দিয়েছেন যে, প্রেস্টিয়ান্নিকে তিনি বর্ণবাদী কথা বলতে শুনেছেন।
সমাজে বর্ণবাদ মোকাবিলায় কী করা দরকার- এমন প্রশ্নে রোসেনিয়র বলেন, 'এটি অত্যন্ত জটিল সমস্যা এবং শুধু ফুটবলের বিষয় নয়। গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র মানুষের পরিচয়, ধর্ম, দেশ, যৌন পরিচয় বা ত্বকের রঙ দেখে বিচার করার প্রবণতা বন্ধ করতে আরও জবাবদিহি প্রয়োজন।'
অন্যদিকে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের কোচ নুনো এসপিরিতো সান্তোও বর্ণবাদকে কঠোর ভাষায় নিন্দা করেছেন। তার বক্তব্য, ফুটবল বা সমাজ- কোথাও বর্ণবাদের জায়গা নেই। এটিকে বৈশ্বিকভাবে নির্মূল করতে হবে।
গাজায় ৫০ মিলিয়ন ডলারের ফুটবল স্টেডিয়াম নির্মাণে প্রতিশ্রুতি ফিফার
দ্য হান্ড্রেডে পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে আগ্রহ কম