নিজ বাড়ি থেকে বলিউডের সহকারী পরিচালক এম এম বেগের পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সংবাদসংস্থা পিটিআই-কে বিষয়টি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ সহকর্মী হানি জাভেরি।
জানা গেছে, দীর্ঘদিন ধরে একাই বসবাস করছিলেন এম এম বেগ। সম্প্রতি তার শারীরিক অবস্থাও ভালো ছিল না।
কয়েক দিন ধরে তাকে বাইরে দেখা না যাওয়ায় উদ্বিগ্ন হয়ে ওঠেন প্রতিবেশীরা। পরে বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে তারা আবাসন কর্তৃপক্ষের মাধ্যমে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে ঢুকে তার পচাগলা মরদেহ উদ্ধার করে।
হানি জাভেরি জানান, পরে বেগের মেয়েকে খবর দেওয়া হয় এবং রাত দেড়টা থেকে দুইটার মধ্যে মরদেহ ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে পাঠানো হয়।
তিনি বলেন, ‘গত কয়েক দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। চার-পাঁচ দিন ঘর থেকে বের হননি। দুর্গন্ধ পাওয়ার পরই প্রতিবেশীরা পুলিশকে খবর দেন।’
বলিউডে সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন এম এম বেগ।
জনপ্রিয় ছবি ‘কাহো না প্যায়ার হ্যায়’ সিনেমার প্রাক্কালে হৃতিক রোশনকে সংলাপ বলার প্রশিক্ষণও দিয়েছিলেন তিনি। অভিনয়ে আসার আগে তার কাছ থেকেই ভয়েস ট্রেনিং নিয়েছিলেন হৃতিক। রোশন পরিবারের সঙ্গে বেগের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি কাজ করেছেন রাকেশ রোশনসহ একাধিক নির্মাতার সঙ্গে।
‘আদমি খিলোনা হ্যায়’ (১৯৯৩), ‘জয়সি করনি ওয়াইসি ভরনি’ (১৯৮৯), ‘করজ চুকানা হ্যায়’ (১৯৯১), ‘কালা বাজার’ (১৯৮৯) এবং ‘কিষেন কানহাইয়া’র (১৯৯০) মতো বহু সিনেমায় কাজ করেছেন।
নাসিরুদ্দিন শাহকে নিয়ে ‘মাসুম গাওয়াহ’ নামে একটি ছবিও পরিচালনা করেন তিনি।
রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ভিড়