সাবেকদের সমালোচনা করতে গিয়ে মহা বিপাকে পড়েছেন পাকিস্তানের অল-রাউন্ডার শাদাব খান। দেশটির সাবেক ক্রিকেটাররা একজোট হয়ে তার কঠোর সমালোচনায় মেতেছেন। সেই ধারাবাহিকতায় এবার মুখ খুললেন শহিদ আফ্রিদি। তার মতে, কথায় নয়, ক্রিকেটারের উচিত পারফরম্যান্সের মাধ্যমে জবাব দেওয়া।
চলতি আসরে শাদাবের পারফরম্যান্স একেবারেই সাদামাটা। ভারতের কাছে পরাজয়ের পর তার ব্যাপক সমালোচনা হচ্ছিল। তখন রেগেমেগে শাদাব বলে দেন, তিনি সেই দলে ছিলেন যারা আইসিসি আসরে একবার ভারতকে হারিয়েছে; কিন্তু সাবেকরা তো আর ভারতকে হারাতে পারেনি। এই মন্তব্যের পর শাদাবকে একে একে ধুয়ে দিচ্ছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা।
সেই ধারাবাহিকতায় একটি পাকিস্তানি টেলিভিশন চ্যানেলে শহিদ আফ্রিদি বলেন, ‘শাদাব ঠিকই বলেছে। আমরা (ভারতের বিপক্ষে আইসিসি আসরে) জিততে পারিনি, তারা জিতেছে। তারা সম্মান পেয়েছিল, কিন্তু সেই সম্মান সামলাতে পারেনি। ২০২১ বিশ্বকাপের সাফল্যের পর তারা নিজেদের অভ্যন্তরীণ সমস্যাও ঠিকভাবে সামলাতে পারেনি। না ব্যক্তিগতভাবে পেরেছে, না দল হিসেবে পেরেছে।’
শাদাবের খারাপ সময়ে পাশে থাকার কথা স্মরণ করিয়ে দিয়ে আফ্রিদি বলেন, ‘শাদাবের জানা উচিত, যখন তার পারফরম্যান্স হচ্ছিল না এবং তাকে দল থেকে বাদ দেওয়া হচ্ছিল, তখন আমরা টিভিতে বসে বলতাম শাদাব দলের মেরুদণ্ড, তার ওভার খুব গুরুত্বপূর্ণ, সে ব্যাটিংও করতে পারে। সত্যি বলতে, শাদাব খুব ভালো ছেলে, সবার সঙ্গে ভালো ব্যবহার করে।’
এসময় শাদাবকে বড় দলের বিপক্ষে পারফর্ম করে দেখানোর চ্যালেঞ্জ জানান আফ্রিদি, ‘শাদাব মিয়া, তোমার পারফরম্যান্স ছিল নামিবিয়ার বিপক্ষে। এখন নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে করে দেখাও। কঠিন সময়ে আমরা তোমার পাশে ছিলাম। এখন পারফরম্যান্স দিয়ে আমাদের জবাব দাও, যাতে আমরা চুপ হয়ে যাই। আমাদের সময়ও সাবেকরা আমাদের নিয়ে অনেক কথা বলেছেন, এমনকি অভিশাপও দিয়েছেন। আমরা সব সহ্য করেছি এবং পারফরম্যান্স দিয়ে উত্তর দিয়েছি। ছোট দলের বিপক্ষে নয়, বড় দলের বিপক্ষে।’
বিশ্বকাপে সুপার এইটের ফরম্যাট নিয়ে সমালোচনার মুখে আইসিসি
‘মহসিন নাকভির উস্কানিতে বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ’