আগামী ১৮০ দিনের মধ্যে দেশব্যাপী খাল খনন কার্যক্রম শুরু করবে সরকার বলে জানিয়েছেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
প্রধানমন্ত্রী তারেক রহমান কেবিনেট মিটিং করেছে জানিয়ে তিনি বলেন, আইনশৃংখলা পরিস্থিতির উন্নতি ও রমজানে দ্রব্যমূল্যরে জিনিসপত্র নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে কাজ করতে মন্ত্রীদের নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী কাজ করছি। কয়েক দিনের মধ্যে খাল খননের তারিখ ও বাস্তবায়ন পরিকল্পনা চূড়ান্ত করা হবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউজে জেলা প্রশাসন,পুলিশ ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পানিসম্পদ মন্ত্রী।
মন্ত্রী বলেন, যেসব স্থানে নদী ভাঙন অব্যাহত রয়েছে। সেসব স্থানে পর্যায়ক্রমে ভাঙন প্রতিরোধে কাজ করা হবে। বিশেষ করে লক্ষ্মীপুরের ভূলুয়া নদী ও রহমতখালী খাল খনন কার্যক্রমের বিশেস নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি ভোটের আগে প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার রাস্তাঘাট উন্নয়ন বাস্তবায়ন করা হবে।
সকালে পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সার্কিট হাউজে পৌঁছলে জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান ও পুলিশ সুপার আবু তারেক মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও লক্ষ্মীপুর পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সম্রাট খিসা,অতিরিক্ত জেলা প্রশাসক(এডিএম) মেজবা উল আলম ভূইয়া, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান ও বিএনপি নেতা ও জজকোর্টের পাবলিক প্রসিউকিউটর আহমদ ফেরদৌস মানিক।
