চট্টগ্রামের ফটিকছড়িতে গরম পানিতে দগ্ধ হয়ে ইহাম উদ্দীন (১ বছর ৪ মাস) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি অসাবধানতাবশত ঘরে ফ্লাক্সে ভরে রাখা ব্যবহার্য গরম পানি শিশুটির গায়ে পড়ে যায়। এতে সে গুরুতর দগ্ধ হয়। তাৎক্ষণিকভাবে তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
নিহত ইহাম উদ্দীন শিশু-কিশোর সংগঠন ‘আজকের প্রজন্ম’-এর সাবেক সাধারণ সম্পাদক রায়হান উদ্দিনের একমাত্র সন্তান। তার অকাল মৃত্যুতে ‘আজকের প্রজন্ম’সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
