১ কোটি ৯২ লাখ টাকার সেতু, ধসে গেছে সংযোগ রাস্তা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৫ পিএম

যশোরের মনিরামপুরের ঝাঁপা বাঁওড়ের নবনির্মিত সেতুর সংযোগ রাস্তা ধসে গেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাঁওড়ের সেতুর উত্তর পাড়ে কোমলপুর অংশের প্রায় ১০০ মিটার রাস্তা ধসে গেছে। ফলে অচল হয়ে পড়েছে ঝাঁপা ও কোমলপুর দুই গ্রামের যোগাযোগ ব্যবস্থা।

উপজেলা প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধানে গত বছরের মে মাসে ঝাঁপা বাঁওড়ের ওপর এই সেতুটি নির্মিত হয়। ১৩ দশমিক ২০ মিটার দৈর্ঘ্যরে এই সেতুর নির্মাণ ব্যয় ধরা হয় এক কোটি ৯২ লাখ ৮ হাজার ২১১ টাকা। সেতুর দুই পাশে ৫২৩ মিটার হেরিং বোন বন্ড (এইচবিবি) রাস্তার জন্য বরাদ্দ ছিল ৩৫ লাখ ৬৬ হাজার টাকা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তরের তদারকির অভাব এবং ঠিকাদারের দায়সারা কাজের কারণেই বৃষ্টি ছাড়াই রাস্তাটি ধসে গেছে। আগের জরাজীর্ণ সেতু ভেঙে নতুনটি অনেক উঁচু করে নির্মাণ করা হয়। ফলে সংযোগ সড়ক মেলাতে প্রচুর মাটি ভরাট করা হয়েছিল।

স্থানীয়দের দাবি, মাটি থিতু হওয়ার আগেই তড়িঘড়ি করে ইটের সলিং বিছিয়ে চলাচলের জন্য রাস্তাটি খুলে দেয় কর্তৃপক্ষ।

ঝাঁপা ইউনিয়নের কোমলপুর ওয়ার্ডের ইউপি সদস্য খালেদুর রহমান টিটু বলেন, বাঁওড়ের ভিতরে আগের রাস্তা মাটি ফেলে সেতু বরাবর উঁচু করে ইটের সলিং বসানো হয়েছে। মাটি বসার সুযোগ না দিয়ে সলিং বসিয়ে রাস্তা চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। একারণে রাস্তা ধ্বসে গেছে। মাটির পরিবর্তে বালু ফেলে রাস্তা করলে এমনটি হয়তো হতো না।

সেতুর কাজের ঠিকাদার নিশীত বসু বলেন, কাজে কোন অনিয়ম করা হয়নি। রাস্তা ধসে যাওয়ার কথা শুনে আমি ঘটনাস্থলে এসেছি। লোকসান দিয়ে সেতু ও রাস্তার কাজ করা হয়েছে। নিচে পলি জমেছিল। এ কারণে লোড ধরে রাখতে পারেনি। এ জন্য ধসে গেছে।

ঝাঁপা বাঁওড়ের উপর নির্মিত সেতু ও সংযোগ রাস্তার কাজ দেখভালের দায়িত্বে ছিলেন উপজেলা প্রকৌশলী দপ্তরের সহকারী প্রকৌশলী খালেকুজ্জামান। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে ঝাঁপা বাঁওড়ের সেতুর সংযোগ রাস্তা ধসে যাওয়ার খবর পেয়েছি। রাস্তা ধসে যাওয়ার কারণ নির্ণয় করা হয়েছে। শনিবার রাস্তা সংস্কার কাজ শুরু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত