চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালকের মৃত্যু

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২০ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন সবুজ (৩০) নামে এক কাভার্ডভ্যান চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা কালিকাপুর ইউনিয়ন ছুফিয়া এলাকায় দুর্ঘটনা ঘটেছে। নিহত আবুল হোসেন সবুজ সীতাকুন্ড থানার শিবপুর এলাকার জাকির হোসেনের ছেলে। মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তোফায়েল আহমেদ তথ্যটি নিশ্চিত করেছেন।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা ঘোলপাশা  ইউনিয়নের ছুফুয়া এলাকায় ঢাকাগামী দ্রুতগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ-১১-৬১৭৬) চলন্ত অবস্থায় সামনের দাড়িয়ে থাকা অপর একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-২১-৪৩০৪) এর পিছনে ধাক্কা দিলে চালক সবুজ গুরুতর আহত হয়। এ সময় চালক গাড়িতে আটকা পড়লে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, গুরুতর আহত চালক সবুজের শরীরের নিচের অংশ মারাত্মক  জখম হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তোফায়েল আহমেদ, জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় গুরুতর আহত চালককে হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়। পরে লাশ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত