বুন্দেসলিগার ইতিহাসে দ্রুততম ১০০ গোলের রেকর্ড গড়েছেন হ্যারি কেইন। শুক্রবার আলিয়াঞ্জ অ্যারেনায় ইউনিয়ন বার্লিনের বিপক্ষে বায়ার্ন মিউনিখের ৭-০ গোলের জয়ে রেকর্ডটি গড়েন ইংলিশ স্ট্রাইকার। ক্লাব ক্যারিয়ারে মাইকেল ওলিসের প্রথম হ্যাটট্রিক, কেইনের জোড়া গোল এবং জামাল মুসিয়ালা ও ইসমায়েল সাইবারির গোলে বার্লিনকে বিধ্বস্ত করে বায়ার্ন। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে নিজের প্রথম গোলে বুন্দেসলিগায় দ্রুততম ১০০ গোলের রেকর্ডও গড়েন কেইন।
সত্তরের দশকে কোলন স্ট্রাইকার দিয়েতার মুলারের রেকর্ডটি ভাঙলেন বায়ার্ন তারকা। বুন্দেসলিগায় ১২৯ ম্যাচে ১০০ গোলের দেখা পেয়েছিলেন মুলার। সেটা ১৯৭৭ সালের সেপ্টেম্বরে, কেইনের জন্মের প্রায় ১৬ বছর আগে। বুন্দেসলিগায় নিজের ৯৮তম ম্যাচে শততম গোল করে মুলারের সেই রেকর্ড ভাঙলেন কেইন। এই পথে মুলারের চেয়ে ৩১ ম্যাচ কম খেলেছেন, যা বুন্দেসলিগায় প্রায় একটি মৌসুমের সমান।
কেইন কত দ্রুত এগোচ্ছেন, তা বুন্দেসলিগায় দ্রুততম ১০০ গোলের তালিকাতে তাকালে বোঝা যায়। তালিকায় পরের নামটি বায়ার্ন কিংবদন্তি গার্ড মুলারের ১০০ গোল করতে খেলেন ১৩৬ ম্যাচ। বরুসিয়া ডর্টমুন্ডের সাবেক ফরোয়ার্ড লোথার এমেরিখের লেগেছিল ১৪০ ম্যাচ এবং হামবুর্গের হয়ে উয়ে সিলার খেলেন ১৫৭ ম্যাচ।
গত মৌসুমে ৫১ ম্যাচে ৬১ গোল করা কেইন এই মৌসুমে ৭ ম্যাচে করলেন ৬ গোল। এবার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে থাকা কেইন জয়ের পর স্কাই জার্মানিকে বলেন, ‘বুন্দেসলিগায় ১০১ গোল করে খুব গর্ব লাগছে। এখানে আসার পর থেকে কাটানো প্রতিটি মুহূর্ত দারুণ উপভোগ করেছি। এমন সতীর্থদের সঙ্গে খেললে গোলের সুযোগ তৈরি হবেই। ম্যাচসংখ্যার চেয়ে গোলের সংখ্যা বেশি থাকাটা নিঃসন্দেহে এক দুর্দান্ত পরিসংখ্যান।’