ব্যাংককের তারথাই ক্রিকেট গ্রাউন্ডে যেন চলল ফাহিমা খাতুনের ‘ওয়ান ম্যান শো’। তার অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ ‘এ’ দল। উইমেনস এশিয়া কাপ রাইজিং স্টার্সের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে ৫৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে টাইগ্রেসরা। শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।
শুক্রবার টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা সুবিধার ছিল না বাংলাদেশের। দলীয় ১০ ওভার শেষে স্কোরবোর্ডে মাত্র ৪৪ রান যোগ করতেই হারিয়ে ফেলে ৩ উইকেট। তবে এক প্রান্ত আগলে রেখে দলের হাল ধরেন অধিনায়ক ফাহিমা খাতুন। ৩২ বলে ৫টি চারের সাহায্যে ৪০ রানের দায়িত্বশীল এক অপরাজিত ইনিংস খেলেন তিনি। এছাড়া শারমিন সুলতানা ১৫, শামিমা সুলতানা ১৩ এবং ইশমা তানজিম করেন ১২ রান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রানের পুঁজি পায় বাংলাদেশ।
১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরু থেকেই দিশেহারা হয়ে পড়ে পাকিস্তান ‘এ’ দল। মাত্র ৮ রানে প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট বিলিয়ে দিয়ে আসে তারা। দলীয় ৩০ রান হতেই প্যাভিলিয়নে ফেরেন অর্ধেক ব্যাটার। শেষ পর্যন্ত ১৬.৪ ওভারে মাত্র ৫৬ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান।
সানজিদা আক্তার মেঘলা ৬ রানে ৩, ফাহিমা ৬ রানে ২ উইকেট নেন। এছাড়া ১টি করে উইকেট নেন ফারিহা তৃষ্ণা, ফাতেমা জাহান ও ফারজানা ইয়াসমিন প্রত্যেকে ১টি করে উইকেট নেন।
