বৈশ্বিক ১০% শুল্ক জারি ট্রাম্পের

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম

মার্কিন সুপ্রিম কোর্ট তার শুল্ক আরোপের ক্ষমতা খারিজ করার পর তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিচারপতিদের একাংশকে তিনি 'জাতির জন্য লজ্জা' আখ্যা দিয়ে শুক্রবারই সব দেশের ওপর ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপের ঘোষণা দেন।

হোয়াইট হাউসে বক্তব্য দিয়ে ট্রাম্প জানান, তিনি ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ১২২ ধারার আওতায় একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে সাময়িক আমদানি শুল্ক কার্যকর হবে। পরে ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি লেখেন, ওভাল অফিস থেকে বৈশ্বিক ১০ শতাংশ ট্যারিফে সই করা তার জন্য সম্মানের। নতুন শুল্ক ২৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

হোয়াইট হাউসের তথ্যমতে, এ শুল্ক সাময়িক এবং আইনে নির্ধারিত সীমা অনুযায়ী সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ও সর্বোচ্চ ১৫০ দিনের জন্য আরোপ করা যেতে পারে। কানাডা ও মেক্সিকো উত্তর আমেরিকার বাণিজ্য চুক্তির আওতায় এ শুল্ক থেকে অব্যাহতি পাবে। কিছু খাদ্যপণ্য ও গুরুত্বপূর্ণ খনিজও ছাড় পাবে।

ট্রাম্প দাবি করেন, বিদ্যমান আইন অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়াই অতিরিক্ত শুল্ক আরোপের ক্ষমতা তার রয়েছে। তিনি জানান, ট্রেড এক্সপ্যানশন অ্যাক্টের ২৩২ ধারা ও ট্রেড অ্যাক্টের ৩০১ ধারার আওতায় আরোপিত শুল্ক বহাল থাকবে।

সুপ্রিম কোর্টের রায় নিয়ে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, মার্কিন আদালত বিদেশি স্বার্থ ও ক্ষুদ্র রাজনৈতিক প্রভাব দ্বারা প্রভাবিত হয়েছে বলে তার ধারণা। তিনি বলেন, কিছু বিচারপতির সিদ্ধান্তে তিনি লজ্জিত। 

সর্বশেষ সর্বাধিক পঠিত