গণভোট বাস্তবায়নের দাবি জামায়াতের নায়েবে আমিরের

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৫ পিএম

জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সরকারের উদ্দেশে বলেছেন, জনগণের রায় মেনে নিয়ে অবিলম্বে গণভোট বাস্তবায়ন করতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই দাবি মেনে না নিলে দেশের জনগণ এই সরকারকে আর মানবে না।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত এই সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান সরাসরি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে না দিয়ে জনগণের ন্যায্য দাবি মেনে নেওয়া উচিত। তিনি মনে করেন, একটি অবাধ ও সুষ্ঠু গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো সম্ভব। তাঁর মতে, বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে জনগণের রায়ের কোনো বিকল্প নেই এবং সরকারকে এই বাস্তবতা অতি দ্রুত স্বীকার করে নিতে হবে। অন্যথায় রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধির দায় সরকারকেই নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।

অধিকার আদায়ের সংগ্রামের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হলে অতীতের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে দেশের সঠিক ইতিহাসকে বিভিন্নভাবে বিকৃত করা হয়েছে, যা সংশোধন করা এখন সময়ের দাবি। নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার মাধ্যমেই একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ রাষ্ট্র গঠন সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত