আমি সারা জীবন শুধু তোমাদের খেয়ে গেছি, কখনো তোমাদের খাওয়াতে পারি নাই- চিরকুট লিখে আবুল কালাম নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়ে পরিবার। তবে তাদের ধারণা প্রেমঘটিত কারণেও এমন ঘটনা ঘটতে পারে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কুড়িগ্রামের উলিপুরের সুইচ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম (২০) ওই এলাকার গোলজার আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, রাতের কোনো এক সময় তিনি নিজ ঘরে গলায় ফাঁস দেন। সেহরির সময় তার মা তাকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়।
সেখানে আবুল কালাম লিখেছেন, প্রিয় পরিবার, আমি অনেক ভাগ্যবান যে তোমাদের মতো পরিবার পেয়েছি। কিন্তু আমার মনে হয়, আমার মতো ছেলে পেয়ে তোমরা একটুও খুশি না, কারণ আমি বেকার। আমি সারাজীবন শুধু তোমাদের খেয়ে গেছি, কখনো তোমাদের খাওয়াতে পারি নাই। তোমরা সবাই আমাকে মাফ করে দিও। আমার জন্য দোয়া করিও। আমিও দোয়া করি, আমার মতো ছেলে যেন কোনো পরিবারে না আসে। চিরকুটে বেকারত্বজনিত হতাশার কথা উল্লেখ থাকলেও নিহতের পরিবারের দাবি, প্রেমঘটিত কারণেও এমন সিদ্ধান্ত নিতে পারেন সে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
