কুষ্টিয়া (নিষিদ্ধ ঘোষিত) শহর আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ আহরণের অভিযোগ এনে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া। তিনি কেন্দ্রীয় আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের ভাই হওয়ার সুবাদে অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতার অপব্যবহার করে ব্যাপক হারে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেন বলে দুদকের করা এজাহারে উল্লেখ করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজনকুমার রায় বাদী হয়ে মামলাটি করেন।
বিষয়টি নিশ্চিত করে দুদকের কৌসুলি এ্যাড. আব্দুল মান্নাফ জানান, সোমবার সকালে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলা নং ০৫ তাং ২৩/০২/২০২৬ দ:বি: দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬ (১) ও (২) ধারায় আনীত অভিযোগে করা মামলাটি জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক তপন রায়ের আদালতে দাখিল করেছে দুদক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভেড়ামারা উপজেলার ষোলদাগ উত্তরপাড়া গ্রামের বাসিন্দা মৃত: আব্দুস সাত্তারের ছেলে কুষ্টিয়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা (৫০), রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম দুর্নীতির মাধ্যমে ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের অদ্যাবধি পর্যন্ত সময়কালের মধ্যে মোট ১০,০৯,৬৮,৯৪১/ (দশ কোটি নয় লক্ষ আটষট্টি হাজার নয়শত একচল্লিশ) টাকা জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন করে তা নিজ ভোগদখলে রেখেছেন। এতে তিনি দুর্নীতি দমন কমিশন আইন- ২০০৪ এর ২৬ (১) ও ২৬ (২) ধারার আওতায় শাস্তিযোগ্য অপরাধ সংগঠন করেছেন।
দুদক সূত্রে আরও জানা যায় যে, ইতোপূর্বে সাবেক এই উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতার স্ত্রী কুষ্টিয়া পৌর ৪নং প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষক শাম্মীয়ারা পারভীনের বিরুদ্ধে দুদকের করা মামলা নং ০২ তারিখ ১১/০৩/২০২৪ দ:বি: দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারাসহ দ:বি: ১০৯ ধারার মামলায় এজাহারে স্ত্রীর অবৈধ সম্পদ অর্জনে সহায়ক ভূমিকা পালনসহ যোগসাজসের অভিযোগ এনে করা মামলাতেও আতাউর রহমান আতা (বর্তমানে পলাতক) অভিযুক্ত আসামি। ওই মামলায় আতাউর রহমান আতা এবং তার স্ত্রী স্কুল শিক্ষিকা শাম্মীয়ারা পারভীন রাজনৈতিক ক্ষমতার প্রভাব খাটিয়ে ২০২৪ সালের ৪ এপ্রিল সংশ্লিষ্ট আদালতে হাজির না হয়ে সরাসরি জেলা ও দায়রা জজ আদালত হতে জামিন প্রাপ্ত হন।
উল্লেখ্য সাবেক এই আ’লীগ নেতা আতাউর রহমান আতা এবং তার স্ত্রী’র বে-পরোয়া ও ব্যাপক দুর্নীতির চিত্র তুলে ধরে “শতকোটি শিক্ষিকার হাজার কোটি স্বামীর” শিরোনামে দেশরূপান্তর প্রথম পাতায় প্রতিবেদন প্রকাশিত হওয়ায় এই পলাতক আ’লীগ নেতার দুনীতির তথ্য জনসম্মুখে উঠে আসলে দুদক তদন্ত শুরু করেছিলো।
তৃণমূল নেতা মুকুল রায় মারা গেছেন
চট্টগ্রামে বিস্ফোরণে দগ্ধ ৯ জনকেই নেওয়া হচ্ছে ঢাকায়